নিউজ পোল ব্যুরো: ভারতের মহাকাশ গবেষণা ও প্রযুক্তি ক্ষেত্রে আগ্রহীদের জন্য বড় সুখবর। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় না বসেও এবার এরোনটিক্স অ্যান্ড স্পেস (Space Technology) নিয়ে স্নাতক স্তরে পড়াশোনার সুযোগ দিচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, মাদ্রাজ। দেশের অন্যতম সেরা এই প্রযুক্তি প্রতিষ্ঠানে ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি কোর্সের আওতায় চালু হতে চলেছে এরোনটিক্স অ্যান্ড স্পেস (Space Technology) বিষয়ক বিশেষ পাঠক্রম, যেখানে উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হলেই ভর্তি হওয়া যাবে।
‘সকলের জন্য শিক্ষা’—এই ভাবনাকে সামনে রেখেই নতুন এই উদ্যোগ বলে জানিয়েছে আইআইটি মাদ্রাজ কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানের অধিকর্তা ভি কামাকোটি জানান, বর্তমানে এরোনটিক্স ও স্পেস (Space Technology) সংক্রান্ত কাজের পরিধি দ্রুত বাড়ছে। প্রতিরক্ষা, উপগ্রহ নির্মাণ, মহাকাশ গবেষণা থেকে শুরু করে বেসরকারি সংস্থাগুলিতেও দক্ষ পেশাদারের চাহিদা চোখে পড়ার মতো। স্কুল স্তরের পড়াশোনার পর থেকেই যাতে আগ্রহীরা ধাপে ধাপে বিষয়টির গভীরে যেতে পারেন, সেই লক্ষ্যেই এই কোর্সের পরিকল্পনা করা হয়েছে। এই কোর্সে শুধু দ্বাদশ শ্রেণি পাশ করা ছাত্রছাত্রীরাই নয়, তিন বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করা পড়ুয়ারাও আবেদন করতে পারবেন। চার বছরের সেমেস্টার ভিত্তিক এই ডিগ্রি কোর্সে নিয়মিত অনলাইন ক্লাসের পাশাপাশি ব্যবহারিক জ্ঞান অর্জনের দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এরোনটিক্স ও স্পেস (Space Technology) সংক্রান্ত বিভিন্ন তাত্ত্বিক বিষয় যেমন অ্যারোডাইনামিক্স, প্রপালশন সিস্টেম, স্ট্রাকচারাল অ্যানালিসিসের পাশাপাশি বাস্তব কাজের অভিজ্ঞতাও মিলবে।
যদিও তাত্ত্বিক ক্লাস হবে সম্পূর্ণ অনলাইনে, তবে হাতেকলমে প্রশিক্ষণের জন্য নির্দিষ্ট সময়ে আইআইটি মাদ্রাজের ক্যাম্পাসে উপস্থিত থাকতে হবে পড়ুয়াদের। সেখানে আধুনিক ল্যাবরেটরি ব্যবস্থার মাধ্যমে কম্পিউটেশনাল ফ্লুইড ডায়নামিক্স, ফাইনাইট এলিমেন্ট মেথডের মতো অত্যাধুনিক টুল ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হবে। ইন্টার্নশিপের সুযোগও থাকছে, যা ভবিষ্যতে এরোনটিক্স ও স্পেস (Space Technology) ক্ষেত্রে কর্মজীবন গড়ে তুলতে সহায়ক হবে।প্রসঙ্গত, পড়ুয়ারা চাইলে প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় বছরের মধ্যেও কোর্স শেষ করার বিকল্প পথ বেছে নিতে পারবেন। খুব শীঘ্রই এই কোর্সে ভর্তির জন্য আবেদন পোর্টাল চালু হতে চলেছে বলে জানিয়েছে আইআইটি মাদ্রাজ কর্তৃপক্ষ। জয়েন্ট ছাড়াই স্পেস (Space Technology) নিয়ে দেশের সেরা প্রতিষ্ঠানে পড়াশোনার এই সুযোগ যে বহু তরুণ-তরুণীর স্বপ্নপূরণ করবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
