Salman Khan: শুটিং সেটেই ভয়াবহ অসুস্থতা! রাহুল রায়ের ব্রেনস্ট্রোকের পর চিকিৎসার দায়িত্ব নিলেন সলমন খান?

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: ১৯৯০ সালে ‘আশিকি’ ছবির মাধ্যমে রাতারাতি তারকাখ্যাতি পেয়েছিলেন রাহুল রায়। এক সময় বলিউডের রোম্যান্টিক হিরো হিসেবে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া এই অভিনেতা পরবর্তী কালে ধীরে ধীরে রুপোলি পর্দা থেকে দূরে সরে যান। সময়ের সঙ্গে সঙ্গে কাজ কমেছে, বদলেছে জীবনের গতি। তার মধ্যেই ২০২০ সাল রাহুল রায়ের জীবনে নিয়ে আসে এক ভয়াবহ অধ্যায়, যা আজও শিউরে ওঠার মতো। ২০২০ সালে ‘এলএসি: লাইভ দ্য ব্যাটল’ ছবির শুটিং চলাকালীন হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়েন রাহুল (Rahul)। লাদাখে শুটিংয়ের মাঝেই তাঁর ব্রেনস্ট্রোক হয় বলে জানা যায়। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে মুম্বইয়ে এনে চিকিৎসা শুরু হয়। মস্তিষ্ক ও হৃদ্‌যন্ত্রে একাধিক পরীক্ষা, অ্যাঞ্জিয়োগ্রাফি এবং দীর্ঘ চিকিৎসা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় অভিনেতাকে (Salman Khan)। মুম্বইয়ের নানাবতী হাসপাতালে দীর্ঘ সময় চিকিৎসাধীন ছিলেন তিনি। স্বাভাবিকভাবেই এই চিকিৎসার খরচ পৌঁছে যায় লক্ষ লক্ষ টাকায়, যা রাহুল ও তাঁর পরিবারের পক্ষে বহন করা সহজ ছিল না।

আরও পড়ুন:Abhishek Banerjee: রাজনীতির মঞ্চ ছাড়িয়ে কবিতায় SIR বিরোধিতা, সরব অভিষেক

এই কঠিন সময়ে নিঃশব্দে তাঁর পাশে এসে দাঁড়ান সলমন খান (Salman Khan)। কোনও প্রচার নয়, কোনও ঘোষণা নয় শুধু মানবিকতার জায়গা থেকে এগিয়ে আসেন বলিউডের এই সুপারস্টার। হাসপাতালের বড় অঙ্কের বিল নাকি তিনিই মিটিয়ে দেন বলে দাবি রাহুল রায় ও তাঁর পরিবারের। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সলমনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন রাহুল। তিনি বলেন, সলমনকে নিয়ে অনেক নেতিবাচক কথা শোনা যায়, কিন্তু তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতায় সলমন একজন ভীষণ ভাল মানুষ। সাহায্য করে তা কখনও প্রকাশ্যে আনেন না, এই বিষয়টাই তাঁর কাছে সবচেয়ে বড় গুণ। এই সাক্ষাৎকারে রাহুলের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর বোন প্রিয়ঙ্কা রায়। তিনিই সলমনের সাহায্যের কথা বিস্তারিত ভাবে জানান। প্রিয়ঙ্কার কথায়, হাসপাতালের যাবতীয় বাকি বিল সলমন (Salman Khan) নিজে দায়িত্ব নিয়ে মিটিয়ে দেন।

শুধু আর্থিক সাহায্য নয়, সলমন নিজে ফোন করে খোঁজখবর নিয়েছিলেন, আর কোনও সাহায্যের প্রয়োজন আছে কি না তাও জানতে চেয়েছিলেন। পরে চিকিৎসা শেষ হওয়ার পরেও যে অংশের বিল বাকি ছিল, সেটুকুও তিনি মিটিয়ে দেন বলে দাবি প্রিয়ঙ্কার। যদিও রাহুলের অসুস্থতার সময়ে ‘এলএসি’ ছবির পরিচালকের তরফ থেকেও কিছু আর্থিক সাহায্য করা হয়েছিল, তবে চিকিৎসার বেশিরভাগ খরচই নাকি বহন করেছিলেন সলমন খান (Salman Khan)। প্রিয়ঙ্কা জানান, এত বড় সাহায্য করার পরেও সলমন সংবাদমাধ্যমের কাছে একটি কথাও বলেননি। তাঁর মতে, এই নীরব মানবিকতাই সলমন খানের প্রকৃত পরিচয়। এক সময়ের জনপ্রিয় নায়ক রাহুল রায়ের জীবনের এই কঠিন অধ্যায় শুধু অসুস্থতার গল্প নয়, বরং বলিউডের অন্দরমহলে লুকিয়ে থাকা মানবিক সম্পর্কের এক নিঃশব্দ উদাহরণ। আলো-আড়ালের দুনিয়ায় দাঁড়িয়েও যে নিঃস্বার্থ সাহায্য সম্ভব, সেই বার্তাই যেন আবার সামনে এনে দিল এই ঘটনা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole