West Bengal JEE Result: পরীক্ষার আড়াই মাস পেরালেও, এখনও বেরোয়নি জয়েন্টের ফল! নেপথ্য কোন কারণ?

শিক্ষা

নিউজ পোল ব্যুরো: প্রায় আড়াই মাস কেটে গেলেও এখনও পর্যন্ত রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল (West Bengal JEE Result) প্রকাশ হয়নি। পরীক্ষার্থীরা ও অভিভাবকরা যখন উদ্বেগে দিন কাটাচ্ছেন, তখন বোর্ড স্পষ্ট জানাল ফলাফল প্রকাশ এখন নির্ভর করছে রাজ্য সরকারের নির্দেশের উপর।

আরও পড়ুন:Adah Sharma: চোট পেয়েও শ্যুটিং চালিয়ে গেলেন ‘দ্য কেরালা স্টোরি’ খ্যাত আদাহ!

সম্প্রতি অ্যাসোসিয়েশন অফ প্রফেশনাল অ্যাকাডেমিক ইনস্টিটিউশন, ওয়েস্ট বেঙ্গলের (APAI-WB) আয়োজিত প্রি-কাউন্সেলিং এডুকেশন ফেয়ারে যোগ দিয়ে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “আমরা ৫ জুন ফলাফল প্রকাশের (West Bengal JEE Result) সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছিলাম। কিন্তু তারপরেই ওবিসি সংরক্ষণ সংক্রান্ত একটি বিষয় আদালতের বিচারাধীন হয়ে পড়ে। ফলে আমরা এখন সরকারের নীতিগত নির্দেশের অপেক্ষায় রয়েছি।” তিনি আরও বলেন, “২০১৪ সালের আইন অনুসারে সংরক্ষণের সিদ্ধান্ত বোর্ডের হাতে নেই। এই বিষয়ে যে নির্দেশ রাজ্য সরকার দেবে, সেই অনুযায়ীই আমরা ফল প্রকাশ করব।”

এদিকে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে জাতীয় স্তরের পরীক্ষাগুলির ফলাফল (West Bengal JEE Result) যেমন জেইই মেইন, জেইই অ্যাডভান্সড এবং নিট। অনেক রাজ্যেই শুরু হয়ে গিয়েছে স্নাতকস্তরের ভর্তির আবেদন প্রক্রিয়া। অথচ রাজ্য জয়েন্টের ফল না বেরোনোয় পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভর্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। শিক্ষা মহলের মতে, এর ফলে রাজ্যের বহু ছাত্রছাত্রী বাইরে চলে যাওয়ার ঝুঁকি বাড়ছে, অন্যদিকে রাজ্যের আসনও খালি পড়ে থাকতে পারে।

অ্যাসোসিয়েশন অফ প্রফেশনাল অ্যাকাডেমিক ইনস্টিটিউশন, ওয়েস্ট বেঙ্গলের (APAI-WB) প্রেসিডেন্ট তরঞ্জিত সিং এই প্রসঙ্গে বলেন, “রেজাল্ট প্রকাশে দেরী আমাদের উদ্বিগ্ন করছে। দ্রুত এই সমস্যার সমাধান প্রয়োজন, না হলে প্রতিষ্ঠানগুলোর ক্ষতি হবে।” রাজ্যের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় জানান, “ওবিসি সংরক্ষণ নিয়ে কিছু বিষয় বিচারাধীন রয়েছে বলেই ফলাফল প্রকাশে দেরি হচ্ছে। তবে আমি মনে করি, এই সমস্যা দীর্ঘদিন আটকে থাকবে না। লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যতের প্রশ্ন জড়িয়ে রয়েছে এতে।” এখন দেখার, সরকারের তরফ থেকে কবে স্পষ্ট নির্দেশ আসে এবং কবে মুক্তি পায় হাজার হাজার পরীক্ষার্থীর অপেক্ষার অবসান।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT