Mamata Banerjee: বেকার যুবক-যুবতীদের জন্য সুখবর! অগস্ট নয়, এপ্রিল থেকেই মিলবে যুব সাথীর ১৫০০ টাকা

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: বাংলায় নতুন সরকার গঠনের অপেক্ষা নয়, আগামী এপ্রিল মাস থেকেই ‘যুব সাথী’ প্রকল্পের আর্থিক সহায়তা পাবেন রাজ্যের বেকার যুবক-যুবতীরা। মঙ্গলবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি জানান, ১ এপ্রিল থেকে যুব সাথী প্রকল্পের আওতায় যোগ্য বেকারদের প্রতি মাসে ১,৫০০ টাকা করে দেওয়া হবে। এই প্রকল্পটি মূলত ১৫ অগস্ট থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, আবেদন গ্রহণ সংক্রান্ত সমস্ত তথ্য সংবাদপত্রে বিজ্ঞাপনের মাধ্যমে জানানো হবে বলেও মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) স্পষ্ট করেন।

এর আগে বিধানসভার বাজেট অধিবেশনে অন্তর্বর্তী বাজেট পেশের সময় যুব সাথী প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি জানিয়েছিলেন, ২১ থেকে ৪০ বছর বয়সি মাধ্যমিক পাশ বেকার যুবক-যুবতীদের পাঁচ বছর ধরে মাসে ১,৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে এবং এই প্রকল্প আগামী অগস্ট মাস থেকে চালু হবে।

আরও পড়ুন: Space Technology: জয়েন্ট ছাড়াই আইআইটি মাদ্রাজে স্পেস পড়ার সুযোগ, খুলছে নতুন দিগন্ত!

তবে অন্তর্বর্তী বাজেটে এমন ঘোষণা আদৌ কার্যকর করা যাবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। কারণ বাংলায় বিধানসভা নির্বাচনের সময়সীমা খুব কাছেই এবং নতুন সরকার গঠনের পরই পূর্ণাঙ্গ বাজেট পেশ হওয়ার কথা। ফলে স্বাভাবিকভাবেই এই প্রকল্পের সুবিধা কবে থেকে মিলবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

এই পরিস্থিতিতে এদিন নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানান, ১ এপ্রিল থেকেই নতুন অর্থবর্ষ শুরু হচ্ছে। সেই কারণেই যুব সাথী প্রকল্পের আর্থিক সহায়তা ওই দিন থেকেই দেওয়া হবে। পাঁচ বছর ধরে এই টাকা দেওয়া হবে এবং তার পর পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।

আবেদন পদ্ধতি সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে একটি করে মোট ২৯৪টি ক্যাম্প করা হবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওই ক্যাম্পগুলিতে এসে আবেদন জানাতে পারবেন বেকার যুবক-যুবতীরা। ফেব্রুয়ারি মাস থেকেই এই ক্যাম্পগুলি চালু হবে। আবেদন যাচাই-বাছাই সম্পন্ন হওয়ার পর ১ এপ্রিল থেকেই যোগ্য প্রার্থীদের অ্যাকাউন্টে যুব সাথী প্রকল্পের টাকা পৌঁছে যাবে বলে জানান মুখ্যমন্ত্রী।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole