নিউজ পোল ব্যুরো: মাত্র ২৬ বছর বয়সে থেমে গেল এক প্রতিভাবান মডেলের জীবন। প্রাক্তন মিস পুদুচেরি ও আন্তর্জাতিক স্তরে খ্যাতি অর্জন করা জনপ্রিয় মডেল সান রেচাল (San Rechal) আত্মহত্যা করেছেন বলে পুলিশ সূত্রে খবর। ৫ জুলাই নিজের বাড়িতে অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন সান। প্রথমে তাঁকে ভর্তি করা হয় পুদুচেরির ইন্দিরা গান্ধী সরকারি হাসপাতালে। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মুলাকুলামের একটি বেসরকারি হাসপাতালে এবং তারপর JIPMER-এ স্থানান্তরিত করা হয়। টানা চিকিৎসার পর ১২ জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
আরও পড়ুন:Kanwar Yatra School Close: কানওয়ার যাত্রায়, স্কুল ছুটি একাধিক রাজ্যে!
পুলিশ জানায়, রেচাল (San Rechal) মানসিক অবসাদে ভুগছিলেন। তাঁর কাছে পাওয়া গিয়েছে একটি সুইসাইড নোট, যেখানে তিনি স্পষ্ট করে লিখেছেন, “আমার মৃত্যুর জন্য কাউকে দোষ দেবেন না।” জানা গিয়েছে, সাম্প্রতিক সময়ে রেচাল বিয়ে করেছিলেন, ফলে বিবাহিত জীবনে কোনও চাপ বা অশান্তি ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ২০১৯ সালে ‘ডার্ক কুইন তামিলনাড়ু’ (Dark Queen Tamilnadu) খেতাব জেতার পর থেকেই ফ্যাশনের দুনিয়ায় পরিচিত নাম হয়ে ওঠেন সান রেচাল (San Rechal)। তিনি বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং সৌন্দর্যের প্রচলিত মাপকাঠিকে চ্যালেঞ্জ জানিয়ে নিজের জায়গা তৈরি করেছিলেন।
রেচাল মিস পুদুচেরি (Miss Puducherry) ২০২০-২১, ব্ল্যাক বিউটি বিভাগে মিস ওয়ার্ল্ড (Miss World) জেতার পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চে লন্ডন, ফ্রান্স ও জার্মানিতে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। ছোটবেলাতেই মা-কে হারান তিনি। বাবার অনুপ্রেরণাতেই মডেলিংয়ে কেরিয়ার গড়ার স্বপ্ন দেখেছিলেন রেচাল। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মডেলিং ও ফ্যাশন জগতে। তরুণ প্রজন্মের অনেকেই তাঁকে অনুপ্রেরণা হিসেবে দেখতেন। একসময় যিনি সাহসিকতার প্রতীক ছিলেন, তাঁর এমন চূড়ান্ত সিদ্ধান্ত সমাজের কাছে এক বড় প্রশ্নচিহ্ন রেখে গেল। ১৪ জুলাই অর্লিনপেট থানার অধীনে তাঁর ময়নাতদন্ত করা হবে। প্রশাসনের তরফে তদন্ত শুরু হয়েছে, তাঁর মৃত্যুর নেপথ্যে প্রকৃত কারণ কি তাই খতিয়ে দেখছে পুলিশ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
