Andre Russell: আগামী বছর টি-২০ বিশ্বকাপের আগে বড় ঘোষণা ওয়েস্ট ইন্ডিজ তারকার

ক্রিকেট ক্রীড়া

শুভম দে: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল (Andre Russell)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজের প্রথম দু’টি ম্যাচই হবে তাঁর দেশের জার্সিতে শেষ দুই ইনিংস। এই দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে রাসেলের নিজের শহর জামাইকার সাবাইনা পার্কে।

আরও পড়ুন: Yash Dayal: পাঁচ বছর ধরে কাউকে বোকা বানানো যায় না, এলাহাবাদ হাইকোর্টের রক্ষাকবচ ভারতীয় পেসারকে

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে রাসেলকে (Andre Russell) দলে রাখা হয়েছে। তবে সূত্রের খবর, প্রথম দু’টি ম্যাচ খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে ‘গুডবাই’ জানাতে পারেন তিনি। আগামী বছরের শুরুতেই ভারত এবং শ্রীলঙ্কায় বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তার ঠিক সাত মাস আগেই বিদায় নিচ্ছেন ৩৭ বছর বয়সি এই তারকা।

২০১২ এবং ২০১৬ দু’দুবার টি-২০ বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন রাসেল (Andre Russell)। ব্যাটে-বলে ঝড় তোলার জন্যই বিখ্যাত ‘রাসেল-মাসেল’ দেশের হয়ে ৮৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২২ গড়ে ১০৭৮ রান করেছেন। তবে সবথেকে উল্লেখযোগ্য তাঁর স্ট্রাইক রেট — ১৬৩.০৯। শুধু ব্যাটে ঝড় তোলাই নয়, বল হাতেও ৩০.৫৯ গড়ে তুলে নিয়েছেন ৬১টি উইকেট।

দেশের জার্সিতে অভিষেক ২০১১ সালে হলেও, ২০১৯ সাল থেকে নিয়মিতভাবে শুধু টি-২০ -ই খেলতেন। তবে ফ্র্যাঞ্চাইজি লিগে রাসেলের দাপট অনেক আগে থেকেই বিশ্বজোড়া পরিচিত। বিশেষ করে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে তাঁর আগুনে পারফরম্যান্স সমর্থকদের মনে গেঁথে গিয়েছে বারবার। এখন আন্তর্জাতিক অবসর নেওয়ার পর আইপিএলে আগামী মরশুমে কেকেআরের জার্সিতে তাঁকে দেখা যাবে কি না, তা এখনও নিশ্চিত নয়।

উল্লেখ্য, গত দু’মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর পথে হাঁটলেন ওয়েস্ট ইন্ডিজ়ের দুই তারকা—নিকোলাস পুরানের পরে এবার রাসেল। বিশ্ব ক্রিকেটের এই ‘পাওয়ার-হিটার’ বিদায় নিলে, ক্যারিবিয়ান দলের অভিজ্ঞতার বড়সড় ঘাটতি তৈরি হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@thenewspole?si=kq_NrGnDzNCt-0PK

সময় বলবে, সাবাইনা পার্কে সেই বিদায় কতটা স্মরণীয় হয়। কিন্তু আন্দ্রে রাসেলের (Andre Russell) নাম আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে রয়ে যাবে এক নির্ভীক, দুর্ধর্ষ এবং সম্পূর্ণ ভিন্ন ঢংয়ের ক্রিকেটার হিসেবেই যার শুরুটা হয়েছিল খুব অবিশ্বাস্যভাবে টেস্ট ক্রিকেট দিয়ে। কিন্তু সেই প্রথম আর সেই শেষ! ২০১০ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে গল টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিশ্ব ক্রিকেটের আঙিনায় প্রথম আত্মপ্রকাশ করলেও তারপর থেকে আর কখনোই লাল বলের ক্রিকেটে দেখা যায়নি আধুনিক টি-২০ ক্রিকেটের অন্যতম দৈত্যকে!