Yash Dayal: পাঁচ বছর ধরে কাউকে বোকা বানানো যায় না, এলাহাবাদ হাইকোর্টের রক্ষাকবচ ভারতীয় পেসারকে

ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: যৌন হেনস্থার মামলায় আপাতত স্বস্তি পেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) পেসার যশ দয়াল (Yash Dayal)। গাজিয়াবাদের ইন্দিরাপুরম থানায় তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগের প্রেক্ষিতে এলাহাবাদ হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন তিনি। মঙ্গলবার সেই আবেদনে রক্ষাকবচ দিল আদালত। বিচারপতি সিদ্ধার্থ ভার্মা এবং বিচারপতি অনিল কুমার ওঝার ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গ্রেফতার করা যাবে না যশ দয়ালকে।

আরও পড়ুন: ENG vs IND: লর্ডস জেতার পর দুঃসংবাদ ইংরেজ শিবিরে! মাথায় হাত বেন স্টোকসদের

২০১৯ সালে সোশ্যাল মিডিয়ায় পরিচয় থেকে যশ দয়ালের (Yash Dayal) সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগকারী তরুণী দাবি করেছেন। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পাঁচ বছর ধরে তিনি সম্পর্ক চালিয়ে গিয়েছেন। একাধিক শহরে একসঙ্গে থেকেছেন। তরুণীর দাবি, প্রতিশ্রুতি অনুযায়ী যশ বিয়ে না করায় তাঁকে মানসিক ও সামাজিকভাবে অপমানিত হতে হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির পরিবর্তিত ফরম্যাট BNS-এর ৬৯ নম্বর ধারায় মামলা দায়ের হয়েছে, যা প্রতারণামূলকভাবে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে প্রযোজ্য।

যশ দয়ালের (Yash Dayal) আইনজীবী আদালতে সওয়াল করেন, এত দীর্ঘ সময় ধরে সম্পর্ক চলার পর হঠাৎ করে এভাবে মামলা করা যুক্তিযুক্ত নয়। মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত এবং সম্মতিসূচক সম্পর্ককে প্রতারণা হিসেবে তুলে ধরা হয়েছে বলে দাবি করেন তিনি। আদালত পর্যবেক্ষণে জানিয়েছে, ‘‘একদিন বা দু’দিনের প্রতারণা হলে বোঝা না যেতে পারে। কিন্তু পাঁচ বছর ধরে কেউ প্রতারণা করছে আর সেটা অভিযোগকারিণী বুঝতে পারেননি, এটা বিশ্বাসযোগ্য নয়।’’

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@thenewspole?si=3RbPY-v2mbTF2ieH

তদন্তকারী সংস্থা ও অভিযোগকারিণীকে আদালত নির্দেশ দিয়েছে, মামলার প্রেক্ষিতে বিস্তারিত লিখিত জবাব (কাউন্টার অ্যাফিডেভিট) আদালতে দাখিল করতে হবে। পরবর্তী শুনানি পর্যন্ত যশ দয়ালের (Yash Dayal) বিরুদ্ধে কোনও গ্রেফতারি পরোয়ানা জারি করা যাবে না।

মাঠে নয়, মাঠের বাইরের বিতর্কে এখন খবরের শিরোনামে যশ দয়াল। ২০২৩ আইপিএলে রিঙ্কু সিংয়ের কাছে পাঁচ ছক্কা খাওয়ার ম্যাচে আলোচনায় এসেছিলেন এই তরুণ পেসার। এ বার আদালতের নির্দেশ তাঁকে কতটা স্বস্তি দেয়, সেটাই দেখার। তবে ঐ মহিলার বিরুদ্ধে পাল্টা অভিযোগ‌ও এনেছেন তিনি। ঐ মহিলা তাঁর থেকে পারিবারিক চিকিৎসার কারণে লক্ষাধিক টাকা ধার করে তা ফেরৎ দেননি বলে অভিযোগ করেছেন ভারতীয় পেসার। এছাড়াও কেনাকাটা ইত্যাদি করার জন্য‌ও লক্ষ লক্ষ টাকা ধার করেন ঐ মহিলা বলে জানিয়েছেন যশ। এসবকিছুর প্রমাণ সমেত অভিযোগকারিণীর বিরূদ্ধে‌ও পাল্টা এফ‌আই‌আরের আবেদন জানিয়েছেন তিনি।