নিউজ পোল ব্যুরো: চলতি বর্ষায় শুধু বৃষ্টি নয়, বাদল নামছে রাজনীতির অঙ্গনেও। ২১ জুলাই (21 July) শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত বাদল অধিবেশন, আর তার আগেই রণকৌশলে শান দিচ্ছে INDIA জোট। একাধিক স্পর্শকাতর ঘটনা পহেলগাঁও হামলা (Pahalgam Attack), অপারেশন সিঁদুর (Operation Sindoor) ও আহমেদাবাদ (Ahmedabad Plane Crash) ট্র্যাজেডির প্রেক্ষিতে এবার কেন্দ্রকে জবাবদিহির মুখে ফেলতেই চাইছে বিরোধীরা।
সূত্রের খবর, ১৯ জুলাই সংসদ চত্বরে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন INDIA জোটের শীর্ষ নেতারা। এই বৈঠকের INDIA মূল উদ্দেশ্য, বাদল অধিবেশনে কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণের কৌশল নির্ধারণ। যদিও তৃণমূল কংগ্রেস (TMC) সম্ভবত এই বৈঠকে থাকছে না। কারণ ২১ জুলাই শহিদ দিবস (Sahid Diwas) উপলক্ষে দলটির সাংগঠনিক প্রস্তুতি তুঙ্গে, ফলে অধিবেশনের প্রথম দিনেও তৃণমূলের সাংসদরা অনুপস্থিত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখযোগ্যভাবে, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আগেই জানিয়েছিলেন বাদল অধিবেশন চলবে ২১ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত। তবে শেষ মুহূর্তে এই মেয়াদ আরও এক সপ্তাহ বাড়িয়ে ২১ আগস্ট পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে ১৩, ১৪ ও ১৫ আগস্ট অধিবেশন স্থগিত থাকবে।
বিরোধী দলগুলি সংসদে পহেলগাঁও হামলা ও অপারেশন সিঁদুর নিয়ে বিশেষ আলোচনার দাবি জানালেও কেন্দ্র তা নাকচ করেছে। পাশাপাশি ভোটার তালিকায় ‘স্পেশাল ইন্টেনসিভ রিভিশন’ (SIR) নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। সব মিলিয়ে এই অধিবেশনে কেন্দ্রকে চাপে ফেলতে মরিয়া বিরোধীরা। এখন দেখার, বাদলের বজ্রপাত কি শুধুই প্রকৃতিতে সীমাবদ্ধ থাকে, নাকি সংসদের অন্দরে তার প্রতিধ্বনি শোনা যায়—সেটাই নজরে থাকবে গোটা দেশের।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
