Today’s Weather: মেঘের কোলে রোদ হাসতে না হাসতেই ফের নিম্নচাপের চোখরাঙানি

আবহাওয়া

নিউজ পোল ব্যুরো: শহর জুড়ে যখন কয়েক দিন রোদের মুখ দেখার স্বস্তি, তখনই ফের আশঙ্কার মেঘ (Today’s Weather)। আলিপুর আবহাওয়া দফতর সতর্ক করেছে — উত্তর বঙ্গোপসাগরের উপর ফের এক নিম্নচাপের সম্ভাবনা তৈরি হচ্ছে। যার জেরে আগামী শনিবার থেকে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ —দুই বঙ্গেই ফের দুর্যোগ নামতে চলেছে। কলকাতা সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সঙ্গে নামবে বৃষ্টি। উত্তরবঙ্গের পাহাড়ি জেলা গুলিতে হতে পারে অতি ভারী বর্ষণ।

আরও পড়ুন: Saturday Horoscope: আজকের রাশিফলে রয়েছে সতর্কবার্তা! এক মুহূর্তে বদলে যেতে পারে ভাগ্য”

গত সপ্তাহেই নিম্নচাপের দাপটে রাজ্যের অধিকাংশ জেলায় টানা কয়েক দিন ধরে চলেছে ভারী বৃষ্টি (Today’s Weather)। শহরের রাস্তাঘাট থেকে শুরু করে জেলার পাকা ও কাঁচা ঘরবাড়ি, জল জমে কার্যত অচল হয়ে পড়েছিল অনেক জায়গা। এখনও অনেক জায়গায় জল নামেনি ঠিকমতো। এই অবস্থায় ফের এক নতুন নিম্নচাপের সম্ভাবনা চিন্তা বাড়াচ্ছে সাধারণ মানুষের।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহে ২৪ জুলাই নাগাদ উত্তর বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ ঘনীভূত হতে পারে। তার আগে, অর্থাৎ শনিবার (২০ জুলাই) থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টি শুরু হয়ে যাবে। সেই বৃষ্টি চলবে আগামী সপ্তাহের শুরু পর্যন্ত।

কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ—প্রায় গোটা দক্ষিণবঙ্গেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।কলকাতায় শনিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার আশঙ্কা (Today’s Weather)। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।বিশেষ করে ২৩ ও ২৪ জুলাইয়ের দিকে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস জারি করা হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@thenewspole?si=BLkk55tUsINheID9

অন্যদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এই মুহূর্তে উত্তরবঙ্গে অত্যন্ত সক্রিয়। তার জেরে পাহাড়ি ও লাগোয়া জেলা গুলিতে শনিবার থেকেই ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। দুর্যোগের রেশ চলতে পারে সোমবার পর্যন্ত।