নিউজ পোল বাংলা : ভারতের আহমেদাবাদের বিমান দুর্ঘটনার স্মৃতি ফিরল বাংলাদেশে। ভয়াবহ বিমান দুর্ঘটনা বাংলাদেশে (Bangladesh Plane Crash)। সোমবার ঢাকার উত্তরাঞ্চলের উত্তরা এলাকায় একটি স্কুল ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ভেঙে পড়েছে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাইলটের। জখম ১৩ পড়ুয়া সহ ২৫ জন । দুর্ঘটনার সময় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সূত্রের খবর যে বিমানটি ভেঙে পড়েছে সেটা চিনা বিমান। বাংলাদেশ সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর একটি সংক্ষিপ্ত বিবৃতিতে নিশ্চিত করেছে যে ভেঙে পড়া F-7 BGI বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর। বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, “আজ দুপুর ১:০৬ মিনিটে একটি F-7 BGI প্রশিক্ষণ বিমান ওড়ার কিছুক্ষণের মধ্যেই কলেজ ক্যাম্পাসে ভেঙে পড়ে।” অনেকেই দুর্ঘটনায় দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বাংলাদেশ পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পরেই অ্যাম্বুলেন্স এবং বিমান বাহিনীর হেলিকপ্টার ঘটনাস্থলে ছুটে যায়। সেনার বিমান ভেঙে পড়ার পরেই বিমানটিতে আগুন ধরে যায়। অনেক দূর থেকে ধোঁয়া দেখা গিয়েছে। আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। এই দুর্ঘটনার পরেই অনেকেই মনে করেছেব ১২ জুন ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়েছিল একটি ডাক্তারি হোস্টেলের উপর। সেই দুর্ঘটনায় বিমানে থাকা ২৪২ জন সহ ২৬০ জনের মৃত্যু হয়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
