England vs India: চোট-আঘাত সামলে ম্যাঞ্চেস্টারে ঘুরে দাঁড়ানোই একমাত্র লক্ষ্য শুভমনদের

ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: ইংল্যান্ডের মাটিতে চতুর্থ টেস্টে (England vs India) ঘুরে দাঁড়ানোর কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে ভারত। পাঁচ ম্যাচের সিরিজ়ে ১-২ ব্যবধানে পিছিয়ে থাকা ভারতীয় দলকে ম্যাঞ্চেস্টারে জিততেই হবে, নয়তো তেন্ডুলকর-অ্যান্ডারসন সিরিজ় জয়ের স্বপ্ন কার্যত অধরা থেকে যাবে। অপরদিকে, ড্র করলেই সিরিজ হাতের মুঠোয় রাখবে ইংল্যান্ড। এমন পরিস্থিতিতে বুধবার চতুর্থ টেস্টে নামার আগে প্রবল চাপ ও চোট-আঘাতে বিধ্বস্ত গুরু গম্ভীরের শিবির।

আরও পড়ুন: BCCI: এবার কেন্দ্রীয় সরকারের আওতায় ভারতীয় ক্রিকেট বোর্ড? আসছে নয়া আইন

একের পর এক চোটের ধাক্কায় কার্যত মিনি হাসপাতালে পরিণত হয়েছে ভারতীয় দল। অর্শদীপ সিং, আকাশদীপ, নীতীশ কুমার রেড্ডির ছিটকে গিয়েছেন তিনজনেই। পরিস্থিতি এমন যে প্রথম একাদশ সাজাতে রীতিমতো হিমসিম খাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। লর্ডসে চোট পাওয়া ঋষভ পন্থ অবশ্য সেরে উঠেছেন, উইকেটের পিছনে তাঁকেই দেখা যাবে (England vs India)। এইটুকুই স্বস্তির খবর।

শুভমন গিল জানিয়ে দিয়েছেন, লর্ডস টেস্টের অধিকাংশ ক্রিকেটারই থাকছেন। নতুন সংযোজন হিসেবে সুযোগ পেতে পারেন সাই সুদর্শন এবং একে-৪৭ অর্থাৎ অংশুল কম্বোজ। তরুণ হরিয়ানা পেসারের টেস্ট অভিষেকের সম্ভাবনা প্রবল। তবে করুণ নায়ার এবং সাই সুদর্শনের ফর্ম হতাশাজনক, যা গম্ভীরদের দুশ্চিন্তা আরও বাড়াচ্ছে। কোহলি ও রোহিতের অনুপস্থিতিতে তাঁদের উপরই ব্যাটিংয়ের বড় দায়িত্ব থাকলেও দুজনেই সেই দায়িত্ব পূরণে ব্যর্থ।

বিপক্ষ দলে অবশ্য সম্পূর্ণ বিপরীত ছবি। চোটের তালিকায় মাত্র একজন— শোয়েব বসির। তাঁর জায়গায় লিয়াম ডসনকে আগেই দলে নিয়েছে ইংল্যান্ড। ম্যাচ (England vs India) শুরুর দু’দিন আগেই একাদশ ঘোষণা করে দিয়েছে ম্যাকালামের দল। আত্মবিশ্বাসে ভরপুর স্টোকসরা কোনও চাপে নেই। সিরিজে এগিয়ে থাকায় ম্যাঞ্চেস্টারে ড্র করলেও তারা নিশ্চিন্ত থাকবে।

তবে ভারতের পক্ষে ইতিবাচক বিষয় একটাই— প্রথম ও তৃতীয় টেস্টে হারলেও দুটিতেই হাড্ডাহাড্ডি লড়াই করেছে তারা। বার্মিংহ্যামে দ্বিতীয় টেস্টে দুরন্ত জয় পেয়েছে। সেই ম্যাচের আত্মবিশ্বাসকে পাথেয় করেই চতুর্থ টেস্টে নামতে চাইবেন শুভমন গিলরা।

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@thenewspole?si=U93FkaaB6cBqBLn5

বৃষ্টিপাত এবং আবহাওয়ার দিকেও থাকবে নজর। পাঁচ দিন ধরেই অল্পবিস্তর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা তৈরি হলে ভারত চূড়ান্ত চাপে পড়বে পঞ্চম টেস্টের আগে। সিরিজ বাঁচাতে হলে জিততেই হবে। চাপের মুখে কি সফল হবে তরুণ ভারতীয় ব্রিগেড? উত্তর লুকিয়ে ম্যাঞ্চেস্টারের সবুজ গালিচায়।

ইংল্যান্ড: জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওোকস, লিয়াম ডসন, ব্রাইডন কার্স, জোফ্রা আর্চার।

সম্ভাব্য ভারতীয় একাদশ: যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, করুণ নায়ার, শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সাই সুদর্শন, রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর/শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ/অংশুল কম্বোজ।