Weather News: নিম্নচাপ ও সক্রিয় মৌসুমী বায়ু — বঙ্গে ফের দুর্যোগের ইঙ্গিত কবে থেকে?

আবহাওয়া

নিউজ পোল ব্যুরো: উত্তর পূর্ব বঙ্গোপসাগরে ফের আবহাওয়ার বিরূপ পরিস্থিতি তৈরি হতে চলেছে (Weather News)। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী বুধবার মায়ানমার উপকূলের কাছে তৈরি হতে চলেছে একটি ঘূর্ণাবর্ত। সেটি পরবর্তীতে নিম্নচাপে পরিণত হয়ে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলের দিকে সরে আসার সম্ভাবনা রয়েছে। এই কারণে বুধবার সন্ধ্যার পর থেকে পরবর্তী পাঁচ থেকে ছয় দিন পর্যন্ত বৃষ্টির প্রকোপ বৃদ্ধি পাবে পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলে।

আরও পড়ুন: Wednesday Rashifal: উন্নতির জোয়ার কার কর্মজীবনে, সম্পর্কেই বা কার জীবনে আসছে বাঁক?

এরই মাঝে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। যার জেরে পূর্ব ভারত ছাড়াও মধ্য ও পশ্চিম ভারতের বিভিন্ন অঞ্চলেও দুর্যোগের সম্ভাবনা তৈরি হচ্ছে (Weather News)। দক্ষিণ ভারতের দুই উপকূল সংলগ্ন এলাকায় বৃষ্টি চলবে নিয়মিত ছন্দেই।

আবহাওয়া (Weather News) দফতরের সতর্কবার্তা, রবিবার থেকে শুরু করে আগামী সপ্তাহজুড়ে উত্তর ভারতের হিমালয় সংলগ্ন অঞ্চল, বিশেষ করে হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টিপাত ও প্রাকৃতিক বিপর্যয়ের সম্ভাবনা তৈরি হতে পারে। ফলে এই সময়ে যারা পাহাড়ে ভ্রমণের পরিকল্পনা করছেন, তাঁদের যথেষ্ট সতর্ক থাকতে পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদেরা।

জুলাই মাসের শেষ লগ্ন থেকে আগস্টের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত উত্তর-পূর্ব ভারত থেকে উত্তর ভারতের উপর মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকবে বলে পূর্বাভাস। ফলে অরুণাচল প্রদেশ, সিকিম সংলগ্ন এলাকা এবং সংলগ্ন হিমালয়ী উপত্যকায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। একইসঙ্গে প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা থাকছে নেপাল ও ভুটান জুড়েও। এর প্রভাব পড়তে পারে উত্তরবঙ্গেও। ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা করছে হাওয়া অফিস।

এদিকে দক্ষিণবঙ্গে বুধবার মূলত আংশিক মেঘলা আকাশ ও কিছু কিছু জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা (Weather News) থাকলেও, বৃহস্পতিবার থেকে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে বলে জানা গিয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

অন্যদিকে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, উত্তরবঙ্গের আট জেলায় (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা) আগামী সোমবার পর্যন্ত চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে শুক্রবার থেকে বৃষ্টির তীব্রতা বাড়বে।

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@thenewspole?si=rLyYu5TIAyjD2LOE

নিম্নচাপের প্রভাবে সমুদ্র থাকবে উত্তাল। বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এই সময়কালে উপকূলবর্তী এলাকার মানুষদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে প্রশাসন।