Weather Update : নিম্নচাপের জেরে প্রবল ভাসবে বাংলা, মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি

আবহাওয়া কলকাতা জেলা রাজ্য

কিছুদিন বৃষ্টির পর ভ্যাপসা গরমে নাজেহাল বাংলার মানুষ। চড়া রোদ সঙ্গে অস্বস্তি, সব মিলিয়ে এক অস্বস্তিকর আবহাওয়া (Weather Update )। তবে এই গরম থেকেই এবার মিলবে মুক্তি। ঘূর্ণিঝড় উইফার প্রভাবে বাংলায় গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে একাধিক জেলা। জারি করা হয়েছে সতর্কতাও। এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। অতি ভারী বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে নিম্নচাপের কারণে পাঁচ থেকে ছয় জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে পশ্চিম-মধ্য উত্তর-পশ্চিম সংলগ্ন এলাকাতে। যা উত্তর বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টায় শক্তিশালী ঘূর্ণাবর্তে পরিণত হবে। এই ঘূর্ণাবর্ত থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় উত্তর বঙ্গোপসাগরে প্রবল সম্ভাবনা রয়েছে নিম্নচাপ তৈরির । উত্তর ও মধ্য বঙ্গোপসাগর নিম্নচাপের প্রভাবে উত্তাল থাকবে। ৪৫ থেকে ৫৫ কিলোমিটার গতিবেগে প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার থেকে বাংলা এবং ওড়িশা উপকূলে উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। ২৭ জুলাই রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি।

আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতে হবে নিম্নচাপের বৃষ্টি । কোথাও কোথাও একটানা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে অতি ভারী বৃষ্টি হতে পারে । পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাতে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। শুধু দক্ষিণবঙ্গ নয় শুক্রবার থেকে সোমবার ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টির কারণে অস্বস্তিকর আবহাওয়া (Weather Update) থেকে মিলবে কিছুটা স্বস্তি।