ENG vs IND: তৃতীয় দিনের শেষে রানের পাহাড় ইংল্যান্ডের, সিরিজ হাতছাড়ার পথে গিলদের জন্য

ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: ম্যানচেস্টার টেস্টে (ENG vs IND) ভারতের পরিস্থিতি কার্যত সঙ্কটজনক। তৃতীয় দিনের শেষে ইংল্যান্ড তুলেছে সাত উইকেটে হারিয়ে ৫৪৪। ১৮৬ রানের লিড নিয়েছে স্টোকসের দল। হাতে এখনও দু’দিন খেলা বাকি। আবহাওয়ার কোনও ব্যাঘাত না ঘটলে এই ম্যাচ থেকে জয় বা ড্র— দুটিই ভারতের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। সিরিজে ২-১ এগিয়ে থাকা ইংল্যান্ডকে রুখতে হলে দ্বিতীয় ইনিংসে অবিশ্বাস্য কিছু করতে হবে শুভমন গিলদের।

আরও পড়ুন: Rishabh Pant: ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন আহত পন্থ, ৬ সপ্তাহ মাঠের বাইরে

তৃতীয় দিনের (ENG vs IND) শুরুতে কোন‌ও পরিকল্পনাই মাঠে কার্যকর হয়নি ভারতের। রোদঝলমলে আকাশ এবং ম্যাঞ্চেস্টারের ফ্ল্যাট পিচ থেকে বোলাররা কোনও সাহায্যই পাচ্ছিল না। জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, অংশুর কম্বোজদের কার্যত ফিকে দেখাচ্ছিল ইংল্যান্ডের ব্যাটারদের সামনে। সহজেই রান তুলতে থাকেন রুট এবং পোপ। চতুর্থ উইকেটে এই জুটি তোলে ১৪৪ রান।

এই টেস্টে (ENG vs IND) ভারতের হয়ে অভিষেক ঘটেছে হরিয়ানার পেসার অংশুল কম্বোজের। কিন্তু ঘরোয়া ক্রিকেটে সফল হলেও আন্তর্জাতিক স্তরের চাপ সামলানো যে সম্পূর্ণ ভিন্ন চ্যালেঞ্জ, তা ফের বোঝা গেল তাঁর পারফরম্যান্সে। কম্বোজের লাইন-লেংথ নিখুঁত হলেও গতি অতীব কম। তাঁকে সামলাতে ইংল্যান্ডের ব্যাটারদের কোনও সমস্যাই হচ্ছে না। তবু তিনি একটি উইকেট পেতে পারতেন। দুর্ভাগ্যবশত ধ্রুব জুরেলের ভুলে সে সুযোগ‌ও হাতছাড়া হয়।

পন্থের অনুপস্থিতি স্পষ্ট হয়ে উঠছে এই টেস্টে। শুধু ব্যাটিংয়েই নয় উইকেটের পিছনে‌ও পন্থের সমান দক্ষ। ধ্রুব জুরেল দুটি স্টাম্পিং করলেও একাধিকবার বল ফসকেছেন। এক্ষেত্রে পন্থ থাকলে হয়তো ম্যাচের গতি অন্যরকম হতে পারত।

ভারতের জন্য আরও বড় সমস্যা তৈরি হয় জসপ্রীত বুমরাহর চোটে। প্রথম সেশনে যে সেভাবে বল করেননি তিনি।উঠে যান মাঠ ছেড়ে। পরে ফিল্ডিংয়ে ফিরলেও খোঁড়াতে দেখা যায় তাঁকে। যদিও চা-বিরতির পরে তিনি বোলিংয়ে ফেরেন, কিন্তু গতি এতটাই কমে যায় যে ইংল্যান্ড ব্যাটারদের কাছে আরও সহজ হয়ে যায় তাঁর বল খেলা। বুমরাহ বল করেছেন ঘণ্টায় মাত্র ১২৭ কিমি গতিতে— যা ইংল্যান্ডের ব্যাটিংয়ের (ENG vs IND) জন্য বড় সুবিধা হয়ে দাঁড়ায়।

৬৮ ওভার পর ভারতকে প্রথম সাফল্য এনে দেন ওয়াশিংটন সুন্দর। তিনিই খানিকটা গতি ফেরান ম্যাচে (ENG vs IND)। প্রথমে পোপকে এবং পরে হ্যারি ব্রুককে তুলে ভারতকে কিছুটা আশার আলো দেন। ব্রুক এগিয়ে খেলতে গিয়ে স্টাম্পড হন। কিন্তু এই ধাক্কার পরও ভারতীয় শিবিরের উচ্ছ্বাস টেকেনি বেশিক্ষণ।

জো রুটকে সরানো যাচ্ছিল না কিছুতেই। সঙ্গে দোসর ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। বল হাতে পাঁচ উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও তিনি যেন প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন বড় ইনিংস গড়ার। বাজবলের আক্রমণাত্মক রাস্তায় হাঁটেননি তিনি। বরং রুটের সঙ্গে ধৈর্য ধরে ধ্রুপদী ক্রিকেট খেলেছেন, যা ভারতীয় বোলারদের জন্য আরও দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায়। শেষমেশ টেস্টে সর্বকালের সর্বাধিক রান স্কোয়ারের তালিকায় দ্রাবিড়, পন্টিং, ক্যালিসদের মতো রথী-মহারথীদের সরিয়ে সামনে শুধু শচীন তেন্ডুলকর নামক মহীরুহ এখন জোর রুটের সামনে। ১৩,৪০৯ রান করে দ্বিতীয় স্থানে উঠে এলেন তিনি।

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@thenewspole?si=9aaVqmzW2mVszX7E

ইংল্যান্ডের লিড যখন ক্রমশ আকাশ ছুঁয়েছে তখন ভারতের সামনে একমাত্র উপায় অসাধারণ প্রতিরোধ গড়ে তোলা। কিন্তু প্রশ্ন হচ্ছে পাল্টা দেবে কে? রোজ রোজ বুমরাহ খেলে দেবে তা হয় না। চলতি টেস্টে পরিস্থিতি যা তাতে ম্যাঞ্চেস্টার টেস্ট হেরে সিরিজও হাতছাড়া করতে চলেছে টিম ইন্ডিয়া এমনটা বললে খুব একটা ভুল কিছু বলা হবে না।