নিউজ পোল ব্যুরো: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) নতুন সাইকেলে শুরু হয়ে গিয়েছে কঠিন লড়াই। লক্ষ্য ২০২৭ সালের ফাইনাল। সেই লক্ষ্যের প্রথম ধাপে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলছে ভারত। ম্যাঞ্চেস্টার টেস্ট ড্র করে বেশ কিছু মূল্যবান পয়েন্ট পেয়েছে মেন ইন ব্লুজ।
আরও পড়ুন: England vs India: ইংরেজদের ঘৃণ্য প্রচেষ্টায় জল ঢেলে ম্যাঞ্চেস্টারে ‘সুন্দর’ সমাপ্তি
এই নিয়ে ইংল্যান্ডের মাটিতে পাঁচ টেস্টের সিরিজে একটিতে জয়, দু’টিতে হার এবং একটিতে ড্র নিয়ে ভারতীয় দলের সংগ্রহ ১৬ পয়েন্ট। শতাংশের হিসেবে যা ৩৩.৩৩। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) নিয়ম অনুযায়ী, শুধুমাত্র মোট পয়েন্ট নয়, ফাইনালে ওঠার ক্ষেত্রে পয়েন্টের শতাংশই সবচেয়ে বড় মাপকাঠি। সেই নিরিখেই আপাতত চতুর্থ স্থানে রয়েছে শুভমন গিলরা।
পয়েন্ট তালিকার (World Test Championship) শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টানা তিনটি টেস্ট জিতে প্যাট কামিন্সের দল ঝুলিতে পুরেছে ৩৬ পয়েন্ট। শতকরা হারে যা ১০০ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা, যারা দুটি টেস্টে একটি জিতেছে এবং একটি ড্র করেছে। পয়েন্ট ১৬, শতাংশ ৬৬.৬৭।

তবে ভারতকে দু’টি টেস্টে হারিয়েও ইংল্যান্ড রয়েছে তিন নম্বরে। কারণ তিনটি টেস্টের মধ্যে দু’টি জয় ও একটি ড্রয়ের ফলে তাদের পয়েন্ট হওয়া উচিত ছিল ২৮, কিন্তু লর্ডস টেস্টে মন্থর বোলিংয়ের কারণে দু’টি পয়েন্ট কাটা গিয়েছে। ফলে বর্তমানে বেন স্টোকসের দলের পয়েন্ট ২৬, শতাংশ ৫৪.১৬।
পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশ। তারা দুটি টেস্ট খেলে একটিতে হেরেছে, একটিতে ড্র করেছে। ফলে তাদের সংগ্রহ ৪ পয়েন্ট এবং পয়েন্টের হার ১৬.৬৭। তিনটি টেস্টেই হেরে বসেছে ওয়েস্ট ইন্ডিজ। ফলত তাদের ঝুলিতে নেই কোনও পয়েন্ট, শতাংশও শূন্য।
গতবারের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা এখনও একটি টেস্ট খেলেনি। একই ভাবে, পাকিস্তান এবং নিউজ়িল্যান্ডও এই নয়া সাইকেলে এখনও মাঠে নামেনি। ফলে এই তিন দল পয়েন্টের খাতা এখনও খুলতে পারেনি।
ভারতের সামনে রয়েছে এখনও একাধিক সিরিজ, বিশেষ করে ঘরের মাঠে যেখানে তারা সাধারণত শক্তিশালী প্রতিপক্ষ। সেখানে ধারাবাহিক সাফল্যই পারে পয়েন্টের হার বাড়িয়ে ফের একবার ফাইনালের লড়াইয়ে ফিরিয়ে আনতে।
নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@thenewspole?si=9aaVqmzW2mVszX7E
এই মুহূর্তে হিসেব জটিল হলেও, পথ এখনও খোলা। বাকি দলগুলির ফলাফলের ওপরও অনেক কিছু নির্ভর করছে। এখন দেখার, ২০২৭ সালের ফাইনালে পৌঁছানোর ক্ষেত্রে শেষ হাসি কে হাসে।
