Ruchi Gujjar: ‘সো লং ভ্যালি’ থেকে So Much Drama! রুচির লাইভ অ্যাকশন দেখে চমকে উঠল বলিউড! ‘মোদী নেকলেস’ খ্যাত রুচি গুজ্জর এবার ১০ কোটির মানহানি মামলায় জর্জরিত!

পেজ 3

নিউজ পোল ব্যুরো: কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় মোদী-নেকলেস পরে আন্তর্জাতিক মিডিয়ার নজর কেড়েছিলেন। রাজস্থানি ঘরানার ঝলমলে সাজে বলিউড অভিনেত্রী রুচি গুজ্জর (Ruchi Gujjar) তখন প্রশংসার কেন্দ্রে। তবে এবার তার নাম সামনে এল একেবারে অন্য বিতর্কে। গ্ল্যামার ছেড়ে হঠাৎই জুতো আর জলবোমার খবরে শিরোনামে উঠে এলেন তিনি।

আরও পড়ুন: Rezwan Rabbani Sheikh: দুই নায়িকার ভাগ্যবদল! দেবের বিপরীতে নায়িকা হওয়ার নেপথ্যে ‘লাকি চার্ম’ রিজওয়ান?

সম্প্রতি ‘সো লং ভ্যালি’ সিনেমার প্রিমিয়ারে ঘটে যায় নজিরবিহীন এক ঘটনা। ছবির পরিচালক ও প্রযোজক মান সিং-কে প্রকাশ্যে জুতো খুলে মারেন রুচি গুজ্জর (Ruchi Gujjar)। এমনকি বোতল ছুঁড়ে মারারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এই অশান্তির ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। আর ঠিক এর পরেই মান সিং দায়ের করেছেন ১০ কোটি টাকার মানহানি মামলা।

কেন এমন হঠাৎ আচরণ রুচির? পরিচালক-প্রযোজক মহল জানাচ্ছে, অভিনেত্রী নাকি ছবির অপর প্রযোজক করণ চৌহান-কে (Karan Chauhan) প্রায় ২৩ লক্ষ টাকা ধার দিয়েছিলেন। প্রতিশ্রুতি ছিল, তাকে নিয়ে একটি টিভি শো বানানো হবে সোনি টিভিতে। কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ না করে, প্রযোজকরা সেই অর্থ সিনেমার প্রোডাকশনে খরচ করেন বলে অভিযোগ। অর্থ ফেরত না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন রুচি।

পরিস্থিতি আরও জটিল হয় যখন অভিনেত্রী (Ruchi Gujjar) ছবির মুক্তি আটকাতে আদালতের দ্বারস্থ হন। যদিও কোর্ট তার আবেদনে সাড়া না দিয়ে জানান, কোনও লিখিত চুক্তি না থাকায় রুচির এই দাবির ভিত্তি নেই। এরপরই ছবির প্রিমিয়ারে বিশৃঙ্খলা ঘটান রুচি। তার সঙ্গে ছিল একটি বিক্ষোভকারী দল, যারা প্ল্যাকার্ড হাতে স্লোগান তোলে প্রযোজকদের বিরুদ্ধে।প্রযোজকদের মতে, এটি ছিল নিছক একটি “পাবলিসিটি স্টান্ট”। যদিও রুচির আইনজীবীর পালটা দাবি, অভিনেত্রীও আম্বোলি থানায় প্রতারণার অভিযোগে এফআইআর দায়ের করেছেন। জলঘোলা থামছে না—গ্ল্যামার, প্রতারণা, আর আইনি লড়াইয়ে বলিউডে এখন রীতিমতো উত্তেজনার পারদ তুঙ্গে!

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT