নিউজ পোল ব্যুরো: বলিউডে বরাবরই শোনা যায়, সলমন খানের (Salman Khan) আশীর্বাদ পেলে ক্যারিয়ার উজ্জ্বল হয়, আর তাঁর বিরাগভাজন হলে ইন্ডাস্ট্রিতে টিকে থাকাই দায়। সেই প্রচলিত ধারণার সঙ্গেই মিলে গেল ‘দবং’ (Dabang) ছবির পরিচালক অভিনব কাশ্যপের (Abhinav Kashyap) বিস্ফোরক অভিযোগ। ফের একবার তিনি প্রকাশ্যে আক্রমণ শানালেন সলমন ও তাঁর পরিবারকে।
আরও পড়ুন:Bhupen Hazarika: ভূপেন হাজারিকার গানের ধারা আজও অমলিন, বললেন শিলাজিৎ
অভিনবের অভিযোগ, ‘দবং’ ছবির সময় থেকেই সলমনের ব্যবহার ছিল অসহ্য। তাঁর কথায়, অভিনয়ের চেয়ে বেশি মন ছিল তারকাসুলভ হাবভাব দেখাতে। পরিচালকের দাবি, সলমনের (Salman Khan) আচরণ অনেকটা ‘গুন্ডা-মস্তান’-দের মতো ছিল। শুধু তাই নয়, তিনি অভিযোগ করেন, খান পরিবার বিগত ৫০ বছর ধরে ইন্ডাস্ট্রিকে নিজেদের মতো করে চালানোর চেষ্টা করছে।
অভিনব বলেন, “সলমন ও তাঁর পরিবার প্রতিহিংসাপরায়ণ। আমি ওঁদের নির্দেশ না মানলে আমাকে ইন্ডাস্ট্রিতে টিকতে দেওয়া হয়নি। ‘দবং’ করার আগে বুঝিনি সলমন (Salman Khan) এতটা নোংরা মানুষ।” তাঁর মতে, পরিবারের প্রভাব খাটিয়ে অভিনবের ক্যারিয়ার ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল। এর আগেও সুশান্ত সিংহ (Sushant Singh Rajput) রাজপুতের মৃত্যুর পরে স্বজনপোষণের অভিযোগে সরব হয়েছিলেন পরিচালক। তখনও খান পরিবারের দিকে আঙুল তুলেছিলেন তিনি। তবে আশ্চর্যের বিষয়, এই সব অভিযোগে দাদা অভিনবের পাশে দাঁড়াননি ভাই অনুরাগ কাশ্যপ।
‘দবং’-এর বিশাল সাফল্যের পরে আর বড় কোনও হিট ছবি পরিচালনা করতে পারেননি অভিনব। তাঁর ঝুলিতে রয়েছে মাত্র একটি ছবি ‘বেশরম’ (Besharam)। এ নিয়েও একাধিক প্রশ্ন উঠেছে বলিউডে। তবে সলমন (Salman Khan) ও তাঁর পরিবারের বিরুদ্ধে ক্ষোভ যেন কমেনি পরিচালকের। প্রকাশ্যে একের পর এক বিস্ফোরক অভিযোগে আবারও তোলপাড় বি-টাউন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
