Kunal Ghosh: আবারও বিদেশযাত্রায় ছাড়পত্র পেলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ, হাই কোর্টের অনুমতিতে লন্ডন-আয়ারল্যান্ড সফরে যাচ্ছেন আগামী অক্টোবরে

breakingnews কলকাতা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: সারদা মামলার প্রেক্ষাপটে জামিনে মুক্ত, এবং তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষকে (Kunal Ghosh) ফের বিদেশ সফরের অনুমতি দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চ এই নির্দেশ দেয়। শাসকদলের গুরুত্বপূর্ণ এই নেতার লন্ডন (London) ও আয়ারল্যান্ড সফর সংক্রান্ত আবেদনে সব দিক বিবেচনা করে অনুমতি দেওয়া হয় বলে আদালত সূত্রে খবর।

আরও পড়ুন: Higher Secondary Exam : শান্তিপূর্ণভাবে চলছে প্রথম সেমিস্টারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা,আশ্বস্ত করলেন WBHSC সভাপতি

আসন্ন অক্টোবর মাসে সাংস্কৃতিক ও আনুষঙ্গিক একটি কর্মসূচিতে যোগ দিতে যুক্তরাজ্যে পাড়ি দেবেন কুণাল (Kunal Ghosh) । সেই লক্ষ্যেই তিনি আদালতের দ্বারস্থ হন। তার হয়ে আইনজীবী অয়ন চক্রবর্তী আবেদন জমা করেন। সিবিআই আদালতে দেওয়া রিপোর্টে স্পষ্ট উল্লেখ করা হয় যে, কুণাল ঘোষ সবসময়ই আদালতের নির্দেশ মান্য করে চলেছেন এবং বিদেশ সফরের ক্ষেত্রে পূর্বেও নিয়ম মেনে আদালতে জমা রাখার অর্থ ফেরত নিয়েছেন।

তবে এবারও নির্দিষ্ট শর্ত আরোপ করেছে হাই কোর্ট। বিদেশ সফরের আগে তাঁকে ৫ লক্ষ টাকা নিরাপত্তা হিসেবে জমা রাখতে বলা হয়েছে, যা সফর শেষে ফেরত দেওয়া হবে। উল্লেখ্য, ২০১৭ সালে সারদা চিটফান্ড কেলেঙ্কারির মামলায় জামিন পান কুণাল ঘোষ (Kunal Ghosh)। জামিনের শর্ত অনুযায়ী তার পাসপোর্ট সিবিআই হেফাজতে ছিল। ২০২৩ সালে প্রথমবার বিদেশযাত্রার অনুমতির জন্য আদালতে আবেদন করেন এবং তা মঞ্জুর হয়। এর পর থেকে একাধিকবার একই প্রক্রিয়ার মধ্য দিয়ে বিদেশ সফরে গিয়েছেন তিনি।

এই সিদ্ধান্তে রাজনৈতিক মহলে আলোচনা তুঙ্গে। বিরোধীরা যদিও এই অনুমতিকে তৃণমূলের “প্রভাব” বলেই তুলে ধরছে, তবে শাসকদলের পক্ষ থেকে বলা হয়েছে, “আইন মেনে, নিয়ম মেনেই আদালতের অনুমতিতে কুণাল ঘোষ বিদেশ যাচ্ছেন, এতে কারও আপত্তির কিছু নেই।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole