Akshay Kumar: জুহু সৈকতে সাফাই অভিযানে অক্ষয় কুমার, উঠল ‘লোকদেখানো’র অভিযোগ

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: গণেশচতুর্থীর উৎসব শেষ হতেই মুম্বইয়ের (Mumbai) সমুদ্রসৈকতে জমে ওঠে পাহাড়প্রমাণ আবর্জনা। প্রতিবারের মতো এ বারও জুহুর (Juhu) সৈকত ভরে যায় ফুলমালা, খড়, প্রতিমার ভগ্নাংশ এবং প্লাস্টিক বর্জ্যে। এই পরিস্থিতিতে সাফাই অভিযানে নেমেছিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar)। তাঁর সঙ্গে ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীশের (Devendra Fadnavis) স্ত্রী অমৃতা ফডণবীশ (Amrita Fadnavis)। একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে আয়োজিত এই অভিযানে অংশ নেন অক্ষয়, আর সেই মুহূর্ত ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। তবে পরিবেশের স্বার্থে এগিয়ে এলেও, শেষ পর্যন্ত কটাক্ষের মুখে পড়তে হল অভিনেতাকে।

আরও পড়ুন:Salman Khan: ‘দবং’–এর পর ধ্বংস ক্যারিয়ার, সলমন ও পরিবারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিনবের

ভিডিয়োতে দেখা গিয়েছে, হাতে দস্তানা পরে প্যান্ট-শার্টে সৈকতের ময়লা কুড়োচ্ছেন অক্ষয় (Akshay Kumar)। এই উদ্যোগ সম্পর্কে তিনি বলেন, “আমাদের এই পৃথিবীর খেয়াল রাখা দরকার। পরিচ্ছন্নতা বজায় রাখা শুধু সরকারের দায়িত্ব নয়, সাধারণ মানুষেরও কর্তব্য। দেশের প্রধানমন্ত্রীও সব সময় স্বচ্ছতার ওপর গুরুত্ব দেন। আমাদের সকলে মিলে কাজ করতে হবে।”

তবে এই বার্তাই উল্টে যায় নেটমাধ্যমে। ভিডিও ভাইরাল হতেই অনেকে তাঁকে ‘লোকদেখানো’ বলে সমালোচনা শুরু করেন। নেটাগরিকদের একাংশের মতে, অক্ষয়ের এই কাজ কেবল প্রচারের জন্য। কেউ লিখেছেন, “পুরোটাই নাটক।” কেউ মন্তব্য করেছেন, “এ তো ‘জলি এলএলবি ৩’ (Jolly L.L.B. 3)-এর প্রচারের কৌশল।” অভিনেতার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অবশ্য নতুন নয়। আগে একাধিকবার সামাজিক কাজে অংশ নিলেও তাঁকে নিয়ে সমালোচনা হয়েছে, কারণ অনেকের মতে তিনি ক্যামেরার সামনে সচেতনভাবে এই কাজ করেন। অন্যদিকে, সমর্থকেরা বলছেন, পরিচ্ছন্নতার মতো জনস্বার্থে কোনও তারকা এগিয়ে এলে তা প্রভাব ফেলতে বাধ্য, কারণ এতে সাধারণ মানুষও সচেতন হয়।

অক্ষয় কুমার (Akshay Kumar) সব সময়ই নিজেকে ‘দেশের মানুষ’ হিসেবে তুলে ধরতে চান। কখনও সেনাবাহিনীর জন্য সাহায্য, কখনও স্বচ্ছতার পক্ষে প্রচার, এই ভাবমূর্তিই তিনি বজায় রেখেছেন। যদিও সমালোচকরা প্রশ্ন তুলছেন, এত সামাজিক দায়িত্বশীলতা যদি সত্যিই তাঁর উদ্দেশ্য হয়, তবে সেটি কি ক্যামেরার বাইরে করা যায় না? সব মিলিয়ে, গণেশচতুর্থীর পরবর্তী সময়ে মুম্বই সৈকত পরিচ্ছন্ন করার উদ্যোগে অক্ষয় (Akshay Kumar) যেমন প্রশংসিত হয়েছেন, তেমনই কটাক্ষের ঝড়ও তাঁকে এড়িয়ে যায়নি। বলিউড তারকার কাজ জনসমক্ষে হলে তা যে দ্বিমুখী প্রতিক্রিয়া ডেকে আনবেই, অক্ষয়ের ক্ষেত্রে সেটাই ফের প্রমাণিত হলো।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole