নিউজ পোল ব্যুরো: ছোট পর্দা থেকে বড় পর্দায় পা রাখা অনেক অভিনেত্রীদের স্বপ্ন। তবে সেই স্বপ্ন বাস্তব হয় খুব কম জনেরই। কিন্তু টেলিভিশন ইন্ডাস্ট্রিতে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে এক নাম— রিজওয়ান রব্বানি শেখ (Rezwan Rabbani Sheikh)। কারণ তাঁর সঙ্গে ছোট পর্দায় অভিনয় করা দুই নায়িকাই পরে সুযোগ পেয়েছেন বড় পর্দায়, তাও আবার টলিউড সুপারস্টার দেবের বিপরীতে! কাকতালীয় নাকি সত্যিই রিজ়ওয়ানের উপস্থিতিই তাঁদের সৌভাগ্য এনে দিয়েছে— এই নিয়েই গুঞ্জন তুঙ্গে।
আরও পড়ুন: Priyanka Chopra: গভীর শোকে প্রিয়াঙ্কা চোপড়া! হারালেন আপনজন, শোকবার্তায় ভেসে উঠল আবেগ
প্রথমে বলা যাক দেবচন্দ্রিমা সিংহ রায়-এর কথা। জনপ্রিয় ধারাবাহিক ‘সাঁঝের বাতি’-তে রিজওয়ানের সঙ্গে জুটি বেঁধে নজর কেড়েছিলেন দেবচন্দ্রিমা। ধারাবাহিকটি ছিল সুপারহিট। এরপরই তাঁকে দেখা যায় দেবের সঙ্গে বড় পর্দার ছবি ‘কিশমিশ’-এ। ছবিতে দেবের তিনটি বয়স দেখানো হয়েছিল, যার মধ্যে স্কুলজীবনের প্রেমিকা ছিলেন দেবচন্দ্রিমা। যদিও চরিত্রটি ছিল ছোট, কিন্তু তার মধ্যেও তিনি নিজের অভিনয় দিয়ে দর্শকদের নজর কেড়েছিলেন।
এরপরেই আলোচনায় আসেন জ্যোতির্ময়ী কুণ্ডু। তাঁকেও রিজওয়ানের বিপরীতে দেখা গিয়েছিল ধারাবাহিক ‘বঁধুয়া’-তে। কিছু সময়ের জন্য অভিনয় থেকে দূরে থাকলেও, আবার ফিরে এসেছেন বড় পর্দায়। এবার তাঁকে দেখা যাবে দেবের বিপরীতে আসন্ন ছবি ‘প্রজাপতি ২’-তে। অর্থাৎ, রিজওয়ানের বিপরীতে অভিনয়ের পর দু’জনেই বড় পর্দায় উঠেছেন এবং দেবের নায়িকা হয়েছেন— এটুকু তো নিছক কাকতালীয় বলে উড়িয়ে দেওয়া যায় না।
এই প্রেক্ষিতে আনন্দবাজার অনলাইনের পক্ষ থেকে প্রশ্ন করা হয়— রিজওয়ান (Rezwan Rabbani Sheikh) কি নায়িকাদের ‘লাকি চার্ম’? উত্তরে তিনি হেসে বলেন, “এটা কখনও মাথায় আসেনি। কিন্তু এখন দেখছি ব্যাপারটা হয়তো সত্যিই সে রকমই!” তিনি আরও যোগ করেন, “আমি নিজে জানি না, আমি কারও সৌভাগ্য নিয়ে আসি কি না। তবে যদি সেটা সত্যি হয়ে থাকে, তা হলে খুবই আনন্দের ব্যাপার। অন্তত আমি কারও ক্ষতি করছি না, সেটাই আশার কথা।”
তবে রিজওয়ানের নিজের চলচ্চিত্র কেরিয়ারও চলছে। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে অভিরূপ ঘোষ পরিচালিত ছবি ‘মৃগয়া’-তে। যদিও এই ছবি নিয়ে তাঁর ব্যক্তিগত অসন্তোষ রয়েছে। তিনি ছিলেন চার পুলিশ অফিসারের মধ্যে এক জন, যাঁকে দেখা যায় ছবির দ্বিতীয়ার্ধে। উপরন্তু, ট্রেলার বা পোস্টারে তাঁকে গুরুত্ব দেওয়া হয়নি বলেই অভিযোগ তাঁর। ফলে এই প্রসঙ্গ তুলতেই তাঁর প্রতিক্রিয়া ছিল সংক্ষিপ্ত: “এই ছবি নিয়ে কোনও মন্তব্য করতে চাই না।”
তবে যা পরিস্থিতি, তাতে একটা বিষয় স্পষ্ট— রিজওয়ান রব্বানি শেখ হয়তো নিজে এখনও টলিউডে সুপারস্টার নন, কিন্তু তাঁর সঙ্গে কাজ করা নায়িকারা যেন অভিনয় জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করছেন। আর তাই দর্শকমহলে প্রশ্ন উঠছে— রিজওয়ান কি ছোট পর্দার নায়িকাদের জন্য সত্যিই এক সৌভাগ্যের প্রতীক? সময়ই এর সঠিক উত্তর দেবে। তবে আপাতত তিনি টেলিপাড়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রয়েছেন, তা বলাই বাহুল্য।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
