নিউজ পোল ব্যুরো: বর্ষাকাল এলেই হানা দেয় নানা রকম সংক্রমণ— সর্দি, কাশি, হজমের গোলমাল, গ্যাস-অম্বল ইত্যাদি। একদিকে আবহাওয়ার ভেজা ভাব, অন্য দিকে তেল-ঝাল খাওয়ার প্রবণতা— দু’য়ে মিলে শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যেতে থাকে। এই সময় শরীরের যত্ন নিতে চাইলে সাধারণ লিকার চায়ের বদলে খেতে পারেন লবঙ্গ-চা। দু’টি লবঙ্গ ফেলে দেওয়া এক কাপ চা (Clove Tea) শরীরকে দিতে পারে নানা উপকার। কী কী ভাবে উপকার করে এই পানীয়?
আরও পড়ুন: Healthy Eating: গ্রীষ্মে স্বস্তির পরশ তালশাঁস: শরীর ও স্বাস্থ্যের অজানা উপকারিতা
১. গ্যাস-অম্বল থেকে মুক্তি:
অনেকেই সকালে উঠে খালি পেটে গ্যাসের সমস্যায় ভোগেন। দিনের পর দিন ওষুধ খেয়ে অভ্যস্ত হয়ে পড়েন। অথচ দু’টি লবঙ্গ ফেলে দেওয়া চা এই সমস্যা সহজেই কমাতে পারে। লবঙ্গ শরীরে এমন একটি এনজাইমের নিঃসরণ ঘটায়, যা হজমে সাহায্য করে এবং গ্যাসের সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখে।
২. হজমশক্তি বাড়ায়, অস্বস্তি কমায়:
যাঁরা অতিরিক্ত খেয়ে ফেলার পরে পেটে অস্বস্তি অনুভব করেন, তাঁদের জন্য লবঙ্গ-চা দারুণ কার্যকর। লবঙ্গে রয়েছে প্রাকৃতিক অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান, যা পেটের ফোলাভাব ও প্রদাহ কমায়।
৩. দাঁতের যত্নে কার্যকর:
লবঙ্গ দাঁতের ব্যথা ও ক্ষয়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই ব্যবহার হয়ে আসছে। নিয়মিত লবঙ্গ-চা খেলে দাঁতের শিকড় মজবুত হয়, ক্যাভিটির আশঙ্কাও কমে। খাওয়ার পর মুখ ধুয়ে লবঙ্গ-চা পান করলে তা দাঁতের জন্য বাড়তি সুরক্ষা দেয়।
৪. রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে:
ডায়াবেটিস থাকলে লবঙ্গ হতে পারে বড় সহায়। গবেষণায় জানা গিয়েছে, লবঙ্গে এমন উপাদান রয়েছে যা রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে। তাই ডায়াবেটিক রোগীরা রোজ একবার লবঙ্গ চা খেলে উপকার পেতে পারেন।
৫. লিভারের যত্ন নেয়:
লবঙ্গ-চা-তে থাকা উচ্চ মাত্রার অ্যান্টি-অক্সিড্যান্ট লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে। নিয়মিত এই চা খেলে লিভারের কার্যকারিতা ভালো থাকে, টক্সিন জমে না।
লবঙ্গ-চা (Clove Tea) শুধু স্বাদে বা গন্ধে নয়, কার্যকারিতায়ও উপকারী। রোজ এক কাপ নয়, সপ্তাহে কয়েক দিন চুমুক দিলেও শরীর পাবে অনেক উপকার। বর্ষাকালে চা যদি পছন্দের পানীয় হয়, তা হলে আজ থেকেই লিকার চায়ে যোগ করুন দু’টি লবঙ্গ। সহজেই পাবেন স্বাস্থ্যকর ফলাফল।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
