Viral Food: ভাইরাল জ্বরে দুর্বল শিশু? জেনে নিন কোন খাবারে ফিরবে শক্তি ও রোগপ্রতিরোধ ক্ষমতা

স্বাস্থ্য

নিউজ পোল ব্যুরো: আবহাওয়ার হঠাৎ ওঠানামায় বর্তমানে শিশুদের মধ্যে নানা ধরনের ভাইরাস সংক্রমণের ঝুঁকি বেড়েছে। বিশেষ করে ডেঙ্গির পাশাপাশি ইনফ্লুয়েঞ্জা (Influenza), অ্যাডিনোভাইরাস, রাইনোভাইরাস (Rhinovirus)–এর মতো জীবাণুর দাপট বাড়ছে। এর ফলে অনেক শিশুরই জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট, গলা ব্যথা এবং শ্লেষ্মা জমার সমস্যা দেখা দিচ্ছে। অনেক ক্ষেত্রে স্বাদ ও গন্ধও কমে যাচ্ছে। টানা অসুস্থতার কারণে শিশুদের খিদে কমে যাওয়া খুবই স্বাভাবিক। কিন্তু এই সময়েই তাদের পুষ্টিকর খাবার দেওয়া সবচেয়ে বেশি জরুরি, কারণ সঠিক খাদ্যই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

আরও পড়ুন:CBSE : ৩ মার্চের দশম ও দ্বাদশের পরীক্ষা স্থগিত, কারণ জানাল সিবিএসই

পুষ্টিকর খাবার কেন জরুরি

অসুস্থ অবস্থায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। তাই হালকা, সহজপাচ্য অথচ পুষ্টিগুণে ভরপুর খাবার দিতে হবে, যা হজমে সুবিধা করবে এবং শরীরকে দ্রুত শক্তি জোগাবে।

মুসুর ডালের স্যুপ: মুসুর ডাল প্রোটিনে সমৃদ্ধ ও সহজপাচ্য। প্রথমে ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখুন। এরপর কুকারে সামান্য ঘি দিয়ে পেঁয়াজ, আদা, টম্যাটো ও পছন্দের সবজি দিয়ে নাড়ুন। ভেজানো ডাল, নুন ও গোলমরিচ দিয়ে সেদ্ধ করুন। দুইটি সিটি দেওয়ার পর নামিয়ে ছেঁকে নিলেই তৈরি হবে স্বাস্থ্যকর স্যুপ।

সহজপাচ্য খাবার: ডালিয়া খিচুড়ি, ওটস বা রাগির খিচুড়ি অসুস্থ শিশুদের জন্য খুব উপকারী। ভাতের সঙ্গে পাতলা মাছের ঝোল বা চিকেন স্ট্যু দেওয়া যেতে পারে। মধু প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক (Natural Antibiotic) হিসেবে কাজ করে, তাই হালকা গরম জলে মধু মিশিয়ে খাওয়ানো যেতে পারে—তবে এক বছরের কম বয়সি শিশুকে নয়।

প্রোটিনের গুরুত্ব: রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রোটিন অপরিহার্য। ডিমের সাদা অংশ, মাছ, চর্বি ছাড়া মুরগির মাংস, দুধ, দই, ছোলা, মুসুর ডাল, সয়াবিন ও বাদাম শিশুর খাদ্যতালিকায় রাখুন।

চিকেন-সবজি স্যুপ: চিকেন সেদ্ধ করে ছোট টুকরো করুন। অন্য পাত্রে গাজর, পেঁয়াজ, রসুন ফুটিয়ে নিন। এরপর পার্সলে, নুন ও গোলমরিচ যোগ করুন। সবজি নরম হলে পালং শাক ও মাশরুম দিন। শেষে ফেটানো ডিম দিয়ে নেড়ে নামিয়ে নিলেই তৈরি পুষ্টিকর স্যুপ।