Amit Shah: বিজেপির মেগা বৈঠকে শাহ-দিলীপ সাক্ষাৎ! ছাব্বিশের আগে কি একজোট হচ্ছে বঙ্গ বিজেপি?

কলকাতা রাজনীতি

নিউজ পোল ব্যুরো: দীর্ঘদিন ধরেই আদি ও নব্য নেতৃত্বের দ্বন্দ্বে চরম অস্বস্তির মধ্যে রয়েছে বঙ্গ বিজেপি (BJP)। দলের অন্দরের এই টানাপোড়েনের জেরে একসময়ের দাপুটে নেতা দিলীপ ঘোষ ক্রমশ কোণঠাসা হয়ে পড়েছেন। রাজ্য নেতৃত্বের একাংশের আচরণে তাঁর মনে অভিমান জমা হওয়াটাই স্বাভাবিক বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। সেই দূরত্ব কমাতেই এবার সক্রিয় ভূমিকায় নামলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বুধবার কলকাতার (Kolkata) একটি অভিজাত হোটেলে বিজেপির (BJP) সাংসদ ও বিধায়কদের নিয়ে বৈঠক করেন তিনি। সেই বৈঠকেই আমন্ত্রণ জানানো হয় দিলীপ ঘোষকে। ইতিমধ্যেই বৈঠকে উপস্থিত হয়েছেন প্রাক্তন রাজ্য সভাপতি, যদিও এতে আদৌ সম্পর্কের বরফ গলবে কি না, তা নিয়ে জল্পনা থেকেই যাচ্ছে।

আরও পড়ুন: Asim Munir: পাক সেনার সদর দপ্তরই এখন বিয়ের আসর! ভাইপোর হাতেই মেয়ের হাত তুলে দিলেন আসিম মুনির

দিলীপ ঘোষ (Dilip Ghosh) যে বঙ্গ বিজেপির (BJP) অন্যতম সফল রাজ্য সভাপতি ছিলেন, তা অস্বীকার করার জায়গা নেই। তাঁর নেতৃত্বকালেই বাংলায় বিজেপি সাংগঠনিকভাবে শক্ত ভিত পায়। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপির ১৮টি আসনে জয়লাভের পেছনে দিলীপ ঘোষের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইভাবে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা ৩ থেকে লাফিয়ে বেড়ে ৭৭-এ পৌঁছনোর নেপথ্যেও তাঁর নেতৃত্ব বড় ভূমিকা নিয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে দলে নতুন মুখ ও নতুন নেতৃত্ব উঠে আসায় পুরনো নেতাদের সঙ্গে দলের দূরত্ব বাড়তে থাকে। সেই তালিকায় ধীরে ধীরে জায়গা করে নেন দিলীপ ঘোষও।

২০২৪ সালের লোকসভা নির্বাচনে নিজের রাজনৈতিক ঘাঁটি মেদিনীপুর ছেড়ে বর্ধমান পূর্ব কেন্দ্র থেকে প্রার্থী করা হয় তাঁকে। সেখানে কীর্তি আজাদের কাছে পরাজয়ের পর তাঁর রাজনৈতিক গুরুত্ব আরও কমতে শুরু করে। এমনকি চলতি বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহ (Amit Shah) একাধিকবার কলকাতা সফরে এলেও কোনও কর্মসূচিতে তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। সেই বিষয়টি নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দেন দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষকে কার্যত ব্রাত্য করার পর থেকেই একের পর এক নির্বাচনে বাংলায় বিজেপির ফল আশানুরূপ হয়নি। দলের অন্দরেই অনেকে মনে করছেন, পুরনো অভিজ্ঞ নেতাদের সামনে না রাখার ফলেই বিজেপি সাংগঠনিকভাবে দুর্বল হচ্ছে। সম্প্রতি তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও প্রকাশ্যে বলেন, দিলীপ ঘোষের আমলেই বিজেপি বাংলায় সর্বাধিক সাফল্য পেয়েছিল এবং তাঁর ব্যক্তিত্ব ও প্রচারের ধরন এখনও বহু মানুষের কাছে আকর্ষণীয়।

এই পরিস্থিতিতেই অমিত শাহের (Amit Shah) বৈঠকে দিলীপ ঘোষের উপস্থিতি নতুন করে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। জানা গিয়েছে, দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশলের ফোনেই বৈঠকের আমন্ত্রণ পান দিলীপ। রাজনৈতিক মহলের ধারণা, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বাংলায় বিজেপির হারানো জমি পুনরুদ্ধারে দিলীপ ঘোষকেই ফের ভরসা করতে চাইছে শীর্ষ নেতৃত্ব। সেই কারণেই অভিমান ভুলিয়ে তাঁকে আবার মূল স্রোতে ফেরানোর চেষ্টা চলছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole