নিউজ পোল ব্যুরো: কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড চলতি শিক্ষাবর্ষে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষাসূচিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। বোর্ডের তরফে জানানো হয়েছে, পূর্বঘোষিত সূচি অনুযায়ী ৩ মার্চ যেসব বিষয়ে পরীক্ষা হওয়ার কথা ছিল, তা আর ওই দিন অনুষ্ঠিত হচ্ছে না। প্রশাসনিক কারণেই এই পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্পষ্ট করেছে সিবিএসই। তবে পরীক্ষার শুরু তারিখ অপরিবর্তিত থাকছে। অর্থাৎ, ২০২৫ সালের বোর্ড পরীক্ষা শুরু হবে ১৭ ফেব্রুয়ারি থেকেই।
সিবিএসই জানিয়েছে, পরীক্ষার নির্ধারিত সূচি আগেভাগেই।প্রায় ১১০ দিন আগে, প্রকাশ করা হয়েছিল। সেই সূচি অনুযায়ী ৩ মার্চ দশম ও দ্বাদশ উভয় শ্রেণির কয়েকটি বিষয়ে পরীক্ষা নেওয়ার কথা ছিল। কিন্তু পরবর্তীতে প্রশাসনিক জটিলতার কারণে ওই দিনের পরীক্ষাগুলি পুনর্নির্ধারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন সূচি অনুযায়ী, দশম শ্রেণির যেসব বিষয়ের পরীক্ষা ৩ মার্চ হওয়ার কথা ছিল, সেগুলি এখন অনুষ্ঠিত হবে ১১ মার্চ। অন্যদিকে দ্বাদশ শ্রেণির লিগ্যাল স্টাডিজ় (Legal Studies) বিষয়ের পরীক্ষা নেওয়া হবে ১০ এপ্রিল।
দশম শ্রেণির ক্ষেত্রে যেসব বিষয়ের পরীক্ষা ১১ মার্চ অনুষ্ঠিত হবে, সেগুলির মধ্যে রয়েছে—হিসাবশাস্ত্র (Accountancy), তিব্বতি, জার্মান, ন্যাশনাল ক্যাডেট কর্পস (NCC), ভোটি, বোদো, তাংখুল, জাপানি, ভুটিয়া, স্প্যানিশ, কাশ্মিরি, মিজো, বাহাসা মেলাউ এবং এলিমেন্টস অফ বুক কিপিং। বোর্ডের তরফে স্পষ্ট জানানো হয়েছে, এই পরিবর্তন ছাড়া অন্য কোনও বিষয়ের পরীক্ষার দিন বা সময়ে কোনও রদবদল করা হয়নি। সিবিএসই সমস্ত স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে, পরীক্ষার দিন পরিবর্তনের বিষয়টি যেন দ্রুত শিক্ষার্থী ও অভিভাবকদের জানানো হয়। একই সঙ্গে পরীক্ষার্থীদের প্রস্তুতিতে যাতে কোনও বিভ্রান্তি না তৈরি হয়, সে দিকেও বিশেষ নজর দেওয়ার অনুরোধ করা হয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
উল্লেখযোগ্য বিষয় হল, ২০২৬ সাল থেকে সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষা বছরে দু’বার আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। প্রথম পর্বের পরীক্ষা শেষ হবে ১০ মার্চ, আর দ্বিতীয় পর্ব শুরু হবে ১৫ মে থেকে। প্রথম পর্বে সন্তুষ্ট না হলে পড়ুয়ারা দ্বিতীয় পর্বে পুনরায় পরীক্ষায় বসার সুযোগ পাবে। প্রতিটি পরীক্ষার পর ১০ দিনের মধ্যে উত্তরপত্র মূল্যায়ন সম্পন্ন করা হবে এবং দু’দিনের মধ্যেই ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে। চলতি বছরে প্রায় ৪৫ লক্ষ পরীক্ষার্থী মোট ২০৪টি বিষয়ে বোর্ড পরীক্ষায় অংশ নিতে চলেছে।
