নিউজ পোল ব্যুরো: রাজ্যজুড়ে শীতের দাপট এবার রীতিমতো নজির গড়েছে। উত্তর থেকে দক্ষিণ—দুই বঙ্গেই ও জাঁকিয়ে বসেছে উত্তুরে হাওয়া। কনকনে ঠান্ডায় কাঁপছে জনজীবন। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা নেমে গিয়েছে ১৮.২ ডিগ্রি সেলসিয়াসে, যা ডিসেম্বরের স্বাভাবিক দিনের তাপমাত্রার তুলনায় প্রায় ৭ ডিগ্রি কম। চলতি শীতের মরসুমে এই প্রথম কলকাতায় দিনের তাপমাত্রা এতটা নিচে নামল বলে জানিয়েছে আবহাওয়া দফতর (Today Weather Update)। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আপাতত দক্ষিণবঙ্গে তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। দিনের ও রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে (Weather Update)। রাতের সর্বনিম্ন তাপমাত্রাতেও বিশেষ হেরফেরের ইঙ্গিত নেই। দিনের বেলা আকাশ পরিষ্কার থাকলেও রোদের তেজ কম থাকবে। উত্তুরে হাওয়ার দাপটে সারাদিনই অনুভূত হবে হাড় কাঁপানো শীত (Weather Update)।
আবহবিদরা জানাচ্ছেন, চলতি বছরে আর তাপমাত্রার খুব বড় ওঠানামা হওয়ার সম্ভাবনা কম। তবে নতুন বছরের শুরুতে পশ্চিমী ঝঞ্ঝার (Western Disturbance) প্রভাবে সামান্য উষ্ণতা বাড়তে পারে। সেই সময় দক্ষিণবঙ্গে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে শীত কিছুটা কমলেও বড়সড় পরিবর্তনের ইঙ্গিত নেই। আগামী সাত দিন দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই (Weather Update)। তবে ভোগাবে কুয়াশা (Fog Alert)। সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। দৃশ্যমানতা নেমে যেতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত। সকালে কুয়াশার দাপট বেশি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
অন্যদিকে, উত্তরবঙ্গে শীত আরও তীব্র আকার নিচ্ছে (North Bengal Weather Update)। দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে মাত্র ৩.৮ ডিগ্রি সেলসিয়াসে। পাহাড়ের পাশাপাশি সমতলেও হাড় কাঁপানো ঠান্ডা। আবহাওয়া দপ্তরের মতে, এখানেও আপাতত তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। তবে সবচেয়ে বড় উদ্বেগের কারণ ঘন কুয়াশা। দার্জিলিং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার (Dense Fog Warning) সতর্কতা জারি করা হয়েছে। ঘন কুয়াশার জেরে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় দৃশ্যমানতা নেমে আসতে পারে ১৯৯ থেকে ৫০ মিটারের মধ্যে। কোচবিহারের কিছু অংশে বিকেলের দিকে দৃশ্যমানতা প্রায় শূন্যে পৌঁছতে পারে। বছরের শেষ ভাগে, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দার্জিলিঙে হালকা বৃষ্টি ও তুষারপাতের (Snowfall) সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কোচবিহার, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলার কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনাও জানিয়েছে হাওয়া অফিস (Weather Update)।
