নিউজ পোল ব্যুরো: অনুশীলন শুরু করলেও পুরোপুরি ফিট হতে এখনও সময় লাগবে শ্রেয়স আইয়ারের (Shreyash Iyer)। তার অনুশীলন দেখে অনেকেই স্বস্তিতে ছিলেন। মঙ্গলবার তাকে ছাড়পত্র দেওয়ার কথা ছিলম কিন্তু তা দেওয়া হয়নি। তাই এখনও তাকে অপেক্ষা করতে হবে ফেরার জন্য। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে চোট পাওয়ার পর এ বার তাঁর ফিটনেস নিয়ে ভালো খবর এল না। যার পর বিশেষজ্ঞরা মনে করছেন, শ্রেয়সের ফেরা আরও কঠিন হলো।
আরও পড়ুন:Football World Cup 2026: ফুটবল বিশ্বকাপে টিকিটের মূল্য নিয়ে চলছে বিতর্ক! মুখ খুললেন ফিফা সভাপতি
সম্প্রতি শ্রেয়স বিসিসিআইয়ের (BCCI) সেন্টার অফ এক্সেলেন্সে অনুশীলন শুরু করেন। তাকে মনে করা হচ্ছিল তিনি শীঘ্রই পুরোপুরি ফিট হয়ে উঠবেন এবং বিজয় হাজারেতে খেলতে পারবেন।৩০ ডিসেম্বর বোর্ডের চিকিৎসকদের কাছে ছাড়পত্র পাওয়ার কথা ছিল শ্রেয়সের। কিন্তু তিনি তা পাননি। ফলে আপাতত বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সেই থাকতে হবে তাঁকে। এক সপ্তাহ পরে আবার তাঁর ফিটনেস পরীক্ষা হবে। যদি সেই পরীক্ষায় তিনি পাশ করতে পারেন তবেই ছাড়পত্র পাবেন শ্রেয়স। তিনি নিজেও আপিএলের (IPL) মিনি নিলামের সময় চোট নিয়ে জানিয়েছিলেন অনেকটাই ফিট তিনি। তবে এখন যে আপডেট আসছে তা মোটেই স্বস্তি দেবে না।

এক বিসিসিআই (BCCI) কর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘শ্রেয়সের ব্যাটিং নিয়ে সমস্যা নেই। তবে চোটের পর ওর ৬ কেজি ওজন কমেছে। ওজন কমার ফলে ওর পেশিও নষ্ট হয়েছে। যার ফলে স্ট্রেংথ ধাক্কা খাবে। মেডিক্যাল টিম ওকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না, কারণ ও অন্যতম গুরুত্বপূর্ণ। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ওডিআই (ODI) সিরিজের দল ঘোষণার আগে শ্রেয়সের স্বাস্থ্যের চূড়ান্ত আপডেট শেয়ার করা হবে।’
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১১ জানুয়ারি থেকে এক দিনের সিরিজ় শুরু ভারতের। এখনও দল ঘোষণা করা হয়নি। জানা গিয়েছে, ৩ বা ৪ জানুয়ারি দল ঘোষণা করবে বিসিসিআই। শ্রেয়সকে রেখে দল ঘোষণা করা হতে পারে। সে ক্ষেত্রে শ্রেয়স খেলতে পারবেন কি না, তা নির্ভর করবে চিকিৎসকদের অনুমতির উপর। ঠিক যে ভাবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে শুভমন গিলকে দলে রাখা হয়েছিল, সে ভাবেই শ্রেয়সকে রাখতে পারেন নির্বাচকেরা।
