Asim Munir: পাক সেনার সদর দপ্তরই এখন বিয়ের আসর! ভাইপোর হাতেই মেয়ের হাত তুলে দিলেন আসিম মুনির

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: পাকিস্তানের (Pakistan) সেনাবাহিনীর সদর দপ্তরেই সম্প্রতি অনুষ্ঠিত হল সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের (Asim Munir) কন্যার বিবাহ অনুষ্ঠান। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গত ২৬ ডিসেম্বর এই বিয়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পাকিস্তানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব উপস্থিত থাকলেও পুরো আয়োজনটি রাখা হয়েছিল অত্যন্ত গোপনীয়। নিরাপত্তাজনিত কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন পাক সাংবাদিক জাহিদ গিশকোরি।

আরও পড়ুন: Amit Shah: শচীন্দ্রনাথ না কি রবীন্দ্রনাথ? ‘রবীন্দ্রনাথ সান্যায়’ বলে ফের বিতর্কে অমিত শাহ, ‘বহিরাগত’ খোঁচা তৃণমূলের

তাঁর দাবি অনুযায়ী, বিয়েতে প্রায় ৪০০ জন আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন। অতিথি তালিকায় ছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী ইশাক দার, আইএসআই প্রধান এবং পাকিস্তানি সেনাবাহিনীর বর্তমান ও প্রাক্তন শীর্ষ আধিকারিকরা। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত জেনারেল এবং প্রাক্তন সেনাপ্রধানদের উপস্থিতিও নজর কাড়ে। তবে এত গুরুত্বপূর্ণ অতিথির উপস্থিতি সত্ত্বেও বিয়ের বিষয়ে আগাম কোনও প্রচার বা আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

জানা গিয়েছে, আসিম মুনিরের (Asim Munir) চার কন্যার মধ্যে এটি ছিল তৃতীয় কন্যার বিয়ে। পাত্রের নাম আবদুল রহমান, যিনি সম্পর্কে মুনিরের ভাইপো। আবদুল রহমান এক সময় পাকিস্তান সেনাবাহিনীতে ক্যাপ্টেন পদে কর্মরত ছিলেন। পরে সেনা থেকে অবসর নিয়ে তিনি সেনা আধিকারিকদের জন্য সংরক্ষিত কোটায় সিভিল সার্ভিসে যোগ দেন। বর্তমানে তিনি অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদে কর্মরত রয়েছেন।

এই বিয়ের খবর সামনে আসার পাশাপাশি সাম্প্রতিক সময়ে আসিম মুনিরের (Asim Munir) একটি ভাষণও আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। ওই ভাষণে তিনি ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে বিশ্বজুড়ে মুসলিম রাষ্ট্রগুলিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। মুনির বলেন, গত দুই দশকে একাধিক মুসলিম দেশ ভয়াবহ সংকট ও ধ্বংসের মুখে পড়েছে। তাঁর মতে, মুসলিম বিশ্ব আজ এমন শক্তির কূটচাল ও ষড়যন্ত্রের শিকার, যারা মুসলিমদের দুর্বল করে দিতে চায়।

ভাষণে আরও কড়া সুরে মুনির বলেন, মুসলিম দেশগুলিকে এখন সর্বশক্তি দিয়ে প্রতিরোধে নামতে হবে এবং যারা ইসলামের শত্রু, তাদের মনে ভয় সৃষ্টি করতে হবে। তাঁর দাবি, মুসলিম রাষ্ট্রগুলির দুর্বলতার অন্যতম কারণ হল প্রযুক্তিগতভাবে পিছিয়ে পড়া এবং অন্য দেশগুলির দ্বারা সেই প্রযুক্তি দখল হয়ে যাওয়া। এই বক্তব্য ঘিরে ইতিমধ্যেই নানা মহলে বিতর্ক শুরু হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-  https://youtube.com/@thenewspole