Amit Shah: শচীন্দ্রনাথ না কি রবীন্দ্রনাথ? ‘রবীন্দ্রনাথ সান্যায়’ বলে ফের বিতর্কে অমিত শাহ, ‘বহিরাগত’ খোঁচা তৃণমূলের

Uncategorized

নিউজ পোল ব্যুরো: কয়েকদিন আগেই সংসদের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ বলে সম্বোধন করে রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে অস্বস্তির জন্ম দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের নতুন করে বিপাকে পড়ল বিজেপি (BJP)। এবার বিতর্কের কেন্দ্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ভারতের স্বাধীনতা আন্দোলনে বাঙালি মনীষীদের অবদান তুলে ধরতে গিয়ে তিনি এমন একটি ভুল করলেন, যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানাল তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন: Purulia: জ্ঞানেশ কুমারের নামে গুরুতর অভিযোগ! কুশপুত্তলিকা দাহ করে রণক্ষেত্র পুরুলিয়া

বর্তমানে বঙ্গ সফরে রয়েছেন অমিত শাহ (Amit Shah)। মঙ্গলবার সকালে কলকাতায় (Kolkata) এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বাঙালি বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামীদের নাম উল্লেখ করেন। সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু ও বাঘা যতীনের নামের সঙ্গে তিনি উচ্চারণ করেন ‘রবীন্দ্রনাথ সান্যাল’। এই নাম উচ্চারণ করতেই বিতর্ক শুরু হয়। কারণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিপ্লবী শচীন্দ্রনাথ সান্যাল এই দুই সম্পূর্ণ ভিন্ন ব্যক্তিত্বকে এক করে ফেলা হয়েছে বলে অভিযোগ ওঠে।

এই মন্তব্য সামনে আসতেই তৃণমূল (TMC) কংগ্রেস তীব্র প্রতিবাদে মুখর হয়। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) প্রশ্ন তোলেন, বিজেপি নেতৃত্ব আর কতদিন বাংলার মনীষীদের নাম বিকৃত করে অপমান করবে? তাঁর বক্তব্য, বাংলার সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কে বিজেপির নেতাদের অজ্ঞতাই বারবার প্রকাশ্যে আসছে।

এরপর তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকেও অমিত শাহের (Amit Shah) মন্তব্যের কড়া সমালোচনা করা হয়। সেখানে লেখা হয়, “রবীন্দ্রনাথ ঠাকুর ও শচীন্দ্রনাথ সান্যাল দু’জনেই ভারতের ইতিহাসের গর্ব। তাঁরা সম্পূর্ণ আলাদা ব্যক্তিত্ব। তাঁদের নাম গুলিয়ে ফেলা মানে বাংলার ইতিহাস ও সংস্কৃতিকে অবমাননা করা। দয়া করে ইতিহাস পড়ে আসুন, এভাবে আমাদের মনীষীদের অপমান করবেন না।”

উল্লেখযোগ্যভাবে, শচীন্দ্রনাথ সান্যাল ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অগ্রগণ্য বিপ্লবী। ১৮৯৩ সালে বেনারসে জন্ম নেওয়া এই বিপ্লবী অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত ছিলেন এবং পরবর্তীতে ভগৎ সিং ও চন্দ্রশেখর আজাদের মতো বিপ্লবীদের সঙ্গে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা নেন। এমন একজন সুপ্রতিষ্ঠিত বিপ্লবীর নাম বলতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর এই ভুল স্বাভাবিকভাবেই বিজেপিকে অস্বস্তিতে ফেলেছে।

রাজনৈতিক মহলের মতে, বাংলায় জমি শক্ত করার আগে এই ধরনের মন্তব্য গেরুয়া শিবিরের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াচ্ছে এবং বিতর্ক আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole