Soumitrisha Kundu: জন্মাষ্টমীতে মন খারাপ সৌমিতৃষার, জানালেন শারীরিক-মানসিক অসুস্থতার কথা

পেজ 3

নিউজ পোল ব্যুরো: টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুর (Soumitrisha Kundu) নাম এখন আর অজানা নয়। ‘মিঠাই’ ধারাবাহিকের মাধ্যমে তিনি ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে উঠেছেন। পরে সিনেমার জগতে পা রেখে ‘প্রধান’ এবং ‘কালরাত্রি’-র মতো ছবিতে অভিনয় করে নিজের অভিনয় ক্ষমতার প্রমাণ দিয়েছেন। কিন্তু এই মুহূর্তে পর্দায় তাঁকে দেখা যাচ্ছে না। আর সেই কারণেই তাঁর অনুরাগীদের কৌতূহল দিন দিন বেড়েই চলেছে। সম্প্রতি জন্মাষ্টমীর দিনে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করে নিজের শারীরিক ও মানসিক কষ্টের কথা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।

আরও পড়ুন: Priyanka Chopra: গভীর শোকে প্রিয়াঙ্কা চোপড়া! হারালেন আপনজন, শোকবার্তায় ভেসে উঠল আবেগ

সৌমিতৃষা (Soumitrisha Kundu) যে কৃষ্ণভক্ত, তা তাঁর ভক্তরা ভালোভাবেই জানেন। নিজের জন্মদিন হোক কিংবা শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী— বিশেষ দিন মানেই তাঁর গন্তব্য বৃন্দাবন। কিন্তু এ বার সেই সুযোগ হয়নি। শরীর খারাপ থাকায় ভ্রমণ একেবারেই সম্ভব হয়নি তাঁর পক্ষে। তাই দিনভর মন খারাপ নিয়েই কাটিয়েছেন তিনি। ভিডিয়োয় গোলাপি পোশাক ও ঠোঁটে মিলিয়ে লিপস্টিক পরলেও ক্লান্তির ছাপ স্পষ্ট ছিল মুখে। তিনি বলেন, “জন্মাষ্টমীর আবহে শারীরিক, মানসিক কষ্ট সব যেন হাওয়া হয়ে যেত, যদি বৃন্দাবনে যেতে পারতাম। কিন্তু এখন তা সম্ভব নয়।”

অভিনেত্রী খোলাখুলি স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থতায় ভুগছেন। কাজ করার মতো শক্তি পাচ্ছেন না। দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। এই পরিস্থিতি তাঁর মানসিক স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলেছে। ভিডিয়োয় তিনি বলেন, “এত শারীরিক অসুস্থতা, কাজ করতে না পারা— সব মিলিয়ে মানসিক শান্তি চলে গিয়েছে। আগে ভাবতাম ঈশ্বরের ভক্ত মানে সহজেই ভাল থাকার ভিআইপি পাস পাওয়া। এখন বুঝছি উল্টোটা। যে ঈশ্বরকে ভালোবাসে, তাঁকে আরও বেশি কষ্ট সহ্য করতে হয়। এ যেন ভক্তির পরীক্ষা।”

তবে ঠিক কী অসুস্থতা হয়েছে, তা খোলসা করেননি অভিনেত্রী। তিনি এখনও পর্যন্ত চিকিৎসার বিষয় কিংবা অসুস্থতার প্রকৃতি সম্পর্কে কিছু জানাননি। কিন্তু ভক্তরা স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন। সোশ্যাল মিডিয়ায় অনেকে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন। এই মুহূর্তে ভক্তদের একটাই প্রার্থনা— প্রিয় অভিনেত্রী দ্রুত সুস্থ হয়ে আবার যেন আগের মতো প্রাণবন্ত হয়ে ওঠেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole