নিউজ পোল ব্যুরো:দুর্গাপূজা মানেই বাংলার আবেগ,ভক্তি আর উৎসবের আনন্দ।প্রতিবছর কলকাতার বড় বড় পুজোগুলি যেমন মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে,তেমনই গত কয়েক বছরে নিউটাউনও থিমপুজো ও শিল্পকলা দিয়ে দর্শনার্থীদের নজর কেড়েছে।এবছরও তার ব্যতিক্রম নয়।নিউটাউনের আকন্দকেশরী সার্বজনীন দুর্গোৎসব (Akandakeshari Sarbojanin Durga Puja) কমিটি পদার্পণ করল তাদের ৬৭তম বর্ষে।

শনিবার সন্ধ্যায় নিউটাউনের এক প্রেক্ষাগৃহে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হল পুজোর থিম ও থিম সং।এবছরের থিম ‘শক্তি’।উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী,বিধায়িকা ও সংগীতশিল্পী অদিতি মুন্সি, বিধায়ক তাপস চ্যাটার্জী-সহ বিশিষ্টজনেরা ও উদ্যোক্তারা।

থিম সং-এর সুরারোপ করেছেন পণ্ডিত মল্লার ঘোষ এবং এর কথা লিখেছেন তাঁর স্ত্রী মল্লিকা ঘোষ।সুর ও কথার মেলবন্ধনে থিম সংয়ে ধরা পড়েছে মা দুর্গার শক্তি আর সমাজের প্রতি সজাগ বার্তা।

পুজো কমিটির প্রেসিডেন্ট তপন মণ্ডল জানিয়েছেন—
“দেবী দুর্গা অতীতে অসুর বধ করে সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করেছেন।আজকের দিনে সমাজের এক নতুন অবক্ষয় তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়।রিলস বানানোর নামে যেসব অশ্লীলতা ও নোংরামি ছড়িয়ে পড়ছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এবছরের থিম ‘শক্তি’।আমরা মা দুর্গার কাছে আহ্বান জানিয়েছি,তিনি যেন তাঁর শক্তি দিয়ে এই অসুস্থ প্রবণতাকে ধ্বংস করেন।”

নিউটাউনের এই পূজো প্রতিবছরই সৃজনশীলতা ও ভাবনার দিক থেকে আলাদা পরিচিতি গড়ে তুলেছে।কখনও সামাজিক বার্তা,কখনও ইতিহাস-ঐতিহ্য— প্রতিবারই দর্শনার্থীরা মণ্ডপে এসে শুধু দেবদর্শন করেন না,সঙ্গে পান এক নতুন ভাবনার খোরাক।এবছরের থিমও তাই যথেষ্ট প্রাসঙ্গিক।ডিজিটাল যুগে যেখানে সামাজিক মাধ্যমে ভালো কনটেন্টের পাশাপাশি ভেসে আসছে নোংরা ও অশ্লীল রিলস,সেখানে এই পূজোর বার্তা যেন মানুষের মনে এক নতুন আলো ছড়ায়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
শিল্প,ভক্তি ও সামাজিক দায়বদ্ধতা—এই তিনের সমন্বয়েই সাজতে চলেছে নিউটাউন আকন্দকেশরী সার্বজনীন দুর্গোৎসবের (Akandakeshari Sarbojanin Durga Puja) মণ্ডপ।দুর্গাপূজার দিনগুলোতে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার হাজার হাজার দর্শনার্থী যেমন নিউটাউনের বিভিন্ন থিমপুজো ঘুরে দেখেন,তেমনই এই বার্তা-ভিত্তিক থিম প্যান্ডেলও যে ভিড় টানবে তা নিয়ে কোন সন্দেহ নেই।

এবারের পুজো তাই শুধুমাত্র শৈল্পিকতার প্রদর্শনী নয়,বরং এক সামাজিক বার্তার মঞ্চ।শক্তির আরাধনার মধ্য দিয়ে সমাজকে কলুষমুক্ত করার আহ্বান—সেটাই এবারের বিশেষ বার্তা।
