Cosmetics: শিশুর ত্বকে প্রসাধনীর ব্যবহার? সৌন্দর্য নয়, বিপদের ছায়া

Life style স্বাস্থ্য

নিউজ পোল ব্যুরো: শিশুদের সাজসজ্জা আজকাল প্রায় ট্রেন্ডে পরিণত হয়েছে। নাচের অনুষ্ঠান, ফটোশুট বা বিশেষ উপলক্ষে অনেকেই ছোটদের লিপস্টিক, নেলপালিশ, ব্লাশ এমনকি কাজলও ব্যবহার করাচ্ছেন। দেখতে সুন্দর লাগলেও এর মধ্যে লুকিয়ে রয়েছে বড় বিপদ। চিকিৎসকেরা সতর্ক করছেন, প্রসাধনী (Cosmetics) শিশুদের নরম ও সংবেদনশীল ত্বকের জন্য একেবারেই নিরাপদ নয়।

আরও পড়ুন: Wrinkle: বয়সের রেখা দূরে রাখুন সহজ ৩টি মাস্কে

চর্মরোগ বিশেষজ্ঞ আশারানি ভোল জানাচ্ছেন, বহু মা শিশুর র্যাশ, অ্যালার্জি, চুলকানির সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে আসেন। কিন্তু তাঁরা বুঝতেই পারেন না কোন প্রসাধনী উপাদান শিশুর জন্য ক্ষতিকর। শিশুদের ত্বক বড়দের তুলনায় অনেক বেশি পাতলা এবং স্পর্শকাতর। ফলে কৃত্রিম রং, গন্ধ ও রাসায়নিক দ্রুত শোষিত হয়ে ত্বকের ক্ষতি করতে পারে।

আর এক চিকিৎসক অভীক শীল বলছেন, অনেক সময় শুধু কাজল বা সাধারণ মেকআপ ব্যবহারেও সমস্যা দেখা দেয়। কারণ বাজারচলতি কাজলে বহু ক্ষতিকর রাসায়নিক থাকে, যা চোখ ও ত্বকের জন্য মারাত্মক হতে পারে। এমনকি সুগন্ধীও শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ। মায়ের ব্যবহার করা পারফিউম থেকেও শিশুর অ্যালার্জি বা শ্বাসকষ্ট হতে পারে।

২০১৯ সালে প্রকাশিত ‘ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন’-এর একটি সমীক্ষায় দেখা গেছে, শিশুদের প্রসাধনীতেও থাকে ফরম্যালডিহাইড, টলুইন, ডাইবুটাইল থ্যালেটের মতো কেমিক্যাল— যা হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে। এগুলি এন্ডোক্রাইন ডিসরাপ্টিং কেমিক্যাল হিসেবে পরিচিত। দীর্ঘমেয়াদে এগুলি শিশুর শরীরের স্বাভাবিক বৃদ্ধি ও হরমোনের কার্যকলাপ ব্যাহত করতে পারে।

তাহলে কি একেবারেই প্রসাধনী (Cosmetics) ব্যবহার করা যাবে না? চিকিৎসকেরা বলছেন, যতটা সম্ভব এড়িয়ে চলাই ভাল। তবে প্রয়োজনে ব্যবহার করলে শিশুর ত্বকে আগে ময়েশ্চারাইজ়ার লাগাতে হবে, যাতে রাসায়নিক সরাসরি না লাগে। আবার অনুষ্ঠান শেষে যত দ্রুত সম্ভব প্রসাধনী তুলে ফেলতে হবে।

চিকিৎসকদের পরামর্শ, শিশুর জন্য প্রসাধনী কেনার আগে উপাদান তালিকা ভাল করে পড়তে হবে। ফ্যালেট, প্যারাবেন, সুগন্ধী বা কৃত্রিম রংযুক্ত প্রসাধনী একেবারেই এড়ানো উচিত। বরং নিরাপদ বিকল্প হিসেবে নারকেল তেল বা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা যেতে পারে।

অতএব, ছোটদের সাজাতে গিয়ে সাময়িক সৌন্দর্যের মোহে তাদের স্বাস্থ্যের ঝুঁকি নেওয়া ঠিক নয়। অল্প যত্ন ও সচেতনতাই পারে শিশুর কোমল ত্বককে নিরাপদ রাখতে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole