Rain Update : ভাসছে উত্তরবঙ্গ, বুধে ভারী বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়, জারি হলুদ সতর্কতা

Uncategorized

নিউজ পোল বাংলা : মঙ্গলবার সারাদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজেছে কলকাতা সহ রাজ্যের একাধিক জেলা। রাতেও হয়েছে ভারী থেকে অতিভারি বৃষ্টি। হাওয়া অফিস জানাচ্ছে চলতি সপ্তাহের শনিবার পর্যন্ত রাজ্য জুড়ে বৃষ্টি চলবে। কোথাও ভারী আবার কোথাও হালকা বৃষ্টি (Rain Update) হতে পারে। টানা কয়েকদিনের বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা নদীর জল। মঙ্গলবার শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার পথে ১০ নম্বর জাতীয় সড়কের কিছু অংশ জলে ডুবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে চলছে মাঝারি থেকে ভারী বৃষ্টি।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, বুধবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কয়েকটি অংশে ভারী বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ার অধিকাংশ জায়গায়। বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতে বৃষ্টি নিয়ে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বৃহস্পতিবারও বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন : University of Bristol : মিলেছে UGC-এর অনুমোদন, ২০২৬-এর মধ্যে মুম্বইতে ক্যাম্পাস খুলবে ব্রিটেনের শীর্ষ ১০-এর মধ্যে থাকা ব্রিস্টল বিশ্ববিদ্যালয়

হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি বুধবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও মালদা এবং বৃহস্পতিবার আলিপুরদুয়ার, কোচবিহার ও দক্ষিণ দিনাজপুরের ভারী বৃষ্টি হবে। জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বুধবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কোচবিহার, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর এবং বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর ও মালদার অধিকাংশ অংশে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও বৃষ্টি চলবে। টানা বৃষ্টির কারণে দুই বঙ্গেই আবহাওয়া কিছুটা হলেও নরম থাকবে। আকাশ মেঘলা থাকবে বলেই জানানো হয়ছে।