Malegaon Blast Case: ১৭ বছর পর মুক্তি, মালেগাঁও বিস্ফোরণ মামলায় প্রজ্ঞা ঠাকুর সহ ৭ জন বেকসুর খালাস

দেশ

নিউজ পোল ব্যুরো: ১৭ বছর ধরে চলা মালেগাঁও বিস্ফোরণ মামলার (Malegaon Blast Case) অবসান ঘটল এক ঐতিহাসিক রায়ে। বৃহস্পতিবার মহারাষ্ট্রের (Maharashtra) একটি বিশেষ আদালত ২০০৮ সালের ভয়াবহ বিস্ফোরণের মামলায় অভিযুক্ত সাত জন প্রজ্ঞা সিং ঠাকুর (Sadhvi Pragya Thakur), লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ পুরোহিত সহ সবাইকে বেকসুর খালাস দিল।

আরও পড়ুন: Mamata Banerjee: শান্তিনিকেতনের পর এবার জঙ্গলমহল, বাংলা ভাষার লড়াইয়ে ফের পথে মুখ্যমন্ত্রী

বিচারক এ কে লাহোটি স্পষ্টভাবে বলেন, “সন্দেহ দিয়ে নয়, প্রমাণ দিয়েই সাজা হয়।” তিনি জানান, রাষ্ট্রপক্ষ অভিযুক্তদের বিরুদ্ধে যুক্তিসঙ্গত সন্দেহের বাইরে অপরাধ প্রমাণ করতে পারেনি। ২০০৮ সালের ২৯ সেপ্টেম্বর মালেগাঁও শহরে রমজানের মাঝামাঝি সময়ে একটি এলএমএল ফ্রিডম মোটরবাইকে বিস্ফোরক লাগিয়ে বিস্ফোরণ (Malegaon Blast Case) ঘটানো হয়, যাতে ৬ জন নিহত ও শতাধিক আহত হন। তদন্তের ভার প্রথমে মহারাষ্ট্র ATS এবং পরে ২০১১ সালে NIA-এর হাতে যায়। তদন্তকারীরা দাবি করেন, বিস্ফোরণের (Malegaon Blast Case) পেছনে ‘অভিনব ভারত’ নামের একটি হিন্দুত্ববাদী সংগঠন জড়িত ছিল।

ATS অভিযোগ করেছিল, প্রজ্ঞা ঠাকুর (Sadhvi Pragya Thakur) ছিলেন সেই বাইকের মালিক এবং লেফটেন্যান্ট কর্নেল পুরোহিত বিস্ফোরক ব্যবস্থা ও ষড়যন্ত্রে সহায়তা করেছিলেন। কিন্তু বিচারক বলেন, বাইকের প্রকৃত মালিকানা নিয়ে নিশ্চিত কোনও প্রমাণ নেই, কারণ এর চেসিস নম্বর মুছে ফেলা হয়েছিল এবং আর উদ্ধারও হয়নি। আরডিএক্স সংগ্রহ, বোমা তৈরির প্রক্রিয়া, কিংবা ষড়যন্ত্র বৈঠকের প্রমাণও রেকর্ডে অনুপস্থিত। ‘অভিনব ভারত’কেও সন্ত্রাসবাদী তকমা দেওয়ার মত যথাযথ প্রমাণ মেলেনি।

বেকসুর খালাস পাওয়া বাকি অভিযুক্তরা হলেন: রমেশ উপাধ্যায়, সুধাকর চতুর্বেদী, অজয় রাহিরকর, সুধাকর ধর দ্বিবেদী ওরফে শঙ্করাচার্য এবং সমীর কুলকার্নি। এই মামলার রায় শুধু অভিযুক্তদের মুক্তিই নয়, বরং ‘হিন্দু সন্ত্রাস’ তত্ত্ব নিয়েও নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT