Donald Trump: ট্রাম্পের পরমাণু চালে তপ্ত বিশ্ব রাজনীতি,রাশিয়াকে ঘিরে মোতায়েন হল মার্কিন পারমাণবিক সাবমেরিন

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: রাশিয়ার (Russia) বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি দিয়ে পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি জানিয়ে দেন, রাশিয়াকে কেন্দ্র করে দুটি নিউক্লিয়ার সাবমেরিন (Nuclear Submarine) মোতায়েন করা হয়েছে। যদিও সাবমেরিন দুটি ঠিক কোথায় মোতায়েন করা হয়েছে, তা গোপন রাখা হয়েছে। তবে এতেই আন্তর্জাতিক স্তরে উদ্বেগ বেড়েছে এবং যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্ক আরও টানাপোড়েনে জড়িয়ে পড়েছে।

আরও পড়ুন: Operation Akhal: কাশ্মীরে ফের জঙ্গি দমন অভিযান, ‘অপারেশন মহাদেবে’র পর এবার ‘অপারেশন অখল’

সম্প্রতি ট্রাম্প (Donald Trump) এক বিতর্কিত মন্তব্যে রাশিয়া ও ভারতের অর্থনীতিকে “মৃত” বলে উল্লেখ করেন। সেই মন্তব্যের পর পালটা প্রতিক্রিয়া দেন রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট তথা বর্তমান নিরাপত্তা পরিষদের সদস্য দমিত্রি মেদভেদেভ (Dmitry Medvedev)। টেলিগ্রামে পোস্ট করে তিনি ট্রাম্পকে সতর্ক করেন এবং সোভিয়েত আমলের ‘ডেড হ্যান্ড’ সিস্টেমের প্রসঙ্গ তোলেন একটি স্বয়ংক্রিয় পারমাণবিক প্রতিহিংসা ব্যবস্থা, যা কোনো বড় হামলার পর নিজে থেকেই পালটা আক্রমণ চালাতে সক্ষম।

মেদভেদেভের সেই প্রতিক্রিয়াকে ‘উস্কানিমূলক’ বলে উল্লেখ করে ট্রাম্প বলেন, “ওই মন্তব্য যদি নিছক কথার খেলা না হয়ে বাস্তব হুমকি হয়, তাহলে আমরা প্রস্তুত। আমি ইতিমধ্যেই দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছি। শব্দের মূল্য আছে এবং তার ফল ভয়ানক হতে পারে।” ট্রাম্পের (Donald Trump) এই ঘোষণা বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনার আবহ তৈরি করেছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনের প্রেক্ষিতে ট্রাম্পের এই শক্ত মনোভাব তার নির্বাচনী বার্তার অংশ হতে পারে। তবে এই ঘটনায় রাশিয়া-আমেরিকা (Russia-America) সম্পর্ক যে আরও জটিল এবং উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে, তা স্পষ্ট।

সবমিলিয়ে, বিশ্বরাজনীতির মঞ্চে ফের উত্তপ্ত পরমাণু হুঁশিয়ারি। সাবমেরিন মোতায়েনের মাধ্যমে ট্রাম্প হয়তো কূটনৈতিক চাপ সৃষ্টি করতে চাইলেও, এর জেরে পারমাণবিক উত্তেজনার ঝুঁকি বাড়ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole