নিউজ পোল ব্যুরো: কিছুদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের অর্থনীতিকে মৃত বলে দাবি করেছিলেন। ট্রাম্পের(Donald Trump) সেই মন্তব্য নিয়ে ভারত জুড়ে ঝড় উঠেছে। মার্কিন প্রেসিডেন্টের কথাকে সমর্থন করে মোদী সরকারকে নিশানা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেই বিষয়ে এতদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি শব্দও খরচ করেননি। তবে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi ) ভারতীয় অর্থনীতির স্থিতিস্থাপকতার উপর জোর দিয়েছেন। সেই সঙ্গেই বলেছেন ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার পথে এগিয়ে চলেছে।
প্রধানমন্ত্রী মোদী ‘স্বদেশী’ পণ্যের পক্ষে জোরালো সওয়াল করে “বিশ্বব্যাপী অস্থিতিশীলতার পরিবেশ” উল্লেখ করে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন সরকার দেশের সর্বোত্তম স্বার্থে প্রয়োজনীয় সবকিছু করছে। বারাণসীতে এক সমাবেশে প্রধানমন্ত্রী মোদী বলেন, “বিশ্বব্যাপী অস্থিতিশীলতার পরিবেশ বিরাজ করছে। সমস্ত দেশ তাদের ব্যক্তিগত স্বার্থের দিকে মনোনিবেশ করছে। ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে চলেছে এবং সেই কারণেই ভারতকে তার অর্থনৈতিক স্বার্থের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।” তিনি আরও বলেন, “আমাদের সরকার দেশের সর্বোত্তম স্বার্থে যথাসাধ্য চেষ্টা করছে… যারা দেশের জন্য সর্বোত্তম চান এবং ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে দেখতে চান, তারা যে কোনও রাজনৈতিক দলই হোন না কেন, তাদের উচিত তাদের মতপার্থক্য দূরে সরিয়ে ‘স্বদেশী’ পণ্যের জন্য একটি সমাধান তৈরি করা।”
নিজের লোকসভা কেন্দ্র বারাণসী থেকে মোদী (PM Modi ) জোর দিয়ে বলেছেন, “আমরা কেবল সেই জিনিসগুলিই কিনব যা ভারতীয়দের তৈরি। আমাদের স্থানীয়দের পক্ষে সোচ্চার হতে হবে।” ভারত থেকে প্রায় সকল আমদানি পণ্যের উপর বাণিজ্য কর এবং ২৫ শতাংশ শুল্ক আরোপের একদিন পর, ৩১ জুলাই ট্রাম্প মস্কোর সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক নিয়ে আক্রমণ শানিয়ে উভয় দেশকে “মৃত অর্থনীতি” দেশ বলে উল্লেখ করেন এবং স্পষ্টভাবে বলেন যে ভারত রাশিয়ার সাথে কী করে তা নিয়ে তাঁর মাথাব্যথা নেই। ট্রাম্পের সেই মন্তব্যের পরেই মোদীর ভারতকে নিয়ে এই বক্তব্য সামনে এসেছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
