নিউজ পোল ব্যুরো: প্রবল মেঘভাঙা বৃষ্টিতে ফের বিধ্বস্ত হল উত্তরাখণ্ড। ১২,৬০০ ফুট উঁচুতে হঠাৎ হওয়া দুর্যোগে মাত্র ৩০ সেকেন্ডেই তছনছ হয়ে গেল উত্তরকাশীর ধরালী গ্রাম ও হর্ষিল উপত্যকা। হড়পা বানে ভেসে গিয়েছে একের পর এক বসতি, হোটেল ও দোকানঘর। উপর থেকে নেমে আসা কাদামাটি ও পাথরের স্রোতে তীব্র হয়েছে বিপর্যয়ের ভয়াবহতা। এই হৃদয়বিদারক দৃশ্য সমাজমাধ্যমে ভাইরাল হওয়া কিছু ভিডিওতে উঠে এসেছে। ভিডিও দেখে স্তব্ধ হয়ে যান বলিউড অভিনেত্রী সারা আলি খান।
উত্তরাখণ্ড তাঁর কাছে শুধুমাত্র একটি জায়গা নয়, বরং এক আবেগ। কেদারনাথের প্রতি তাঁর ভালোবাসা আজ সকলের জানা। প্রথম ছবি ‘কেদারনাথ’-এর শ্যুটিং থেকেই বারবার তিনি ফিরে গিয়েছেন সেই মহাদেবের ধামে। তাই প্রাকৃতিক দুর্যোগে কাবু প্রিয় পাহাড়ি জনপদকে দেখে আবেগে ভেসে গিয়েছেন অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “উত্তরাখণ্ডে যাঁরা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের প্রতি আমার হৃদয় থেকে সমবেদনা জানাই। এই কঠিন সময় যেন তাঁদের শক্তি দেয়, এই প্রার্থনা করছি।” শুধু সমবেদনা জানিয়েই থেমে থাকেননি সারা। তিনি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে উত্তরকাশী জেলার আপৎকালীন কেন্দ্র থেকে জারি করা জরুরি ফোন নম্বরও শেয়ার করেন, যাতে দুর্গতরা সঠিক সহায়তা পান। ঘটনার পরিপ্রেক্ষিতে এখনও পর্যন্ত ১৩০ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিপর্যয় মোকাবিলা দফতর। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ভেঙে পড়া রাস্তা, মাটির ধস ও প্রবল স্রোতে উদ্ধারকার্য ব্যাহত হচ্ছে।
ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী উর্বশী রৌতেলাও। নিজে হরিদ্বারের বাসিন্দা বলে তিনি এই দুর্যোগকে যেন ব্যক্তিগত ক্ষতির মতোই বরণ করেছেন। তিনি লেখেন, “আমি হরিদ্বারের মেয়ে। উত্তরাখণ্ডের প্রতিটি মানুষের মধ্যে আমার আত্মার প্রতিফলন দেখি। যা ঘটছে, তা ভাষায় প্রকাশ করা কঠিন।” এই ভয়াবহ পরিস্থিতিতে উদ্ধারকারী দল, প্রশাসন ও সাধারণ মানুষ একযোগে লড়াই চালিয়ে যাচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
