Border 2: যুদ্ধের ময়দানে ফের প্রত্যাবর্তন, তারকাবহুল ‘বর্ডার ২’-এ পারিশ্রমিকের অঙ্কে চমক

পেজ 3

নিউজ পোল ব্যুরো: বলিউডে দেশাত্মবোধক ছবির ইতিহাসে ‘বর্ডার’ এক অনন্য অধ্যায়। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া জে পি দত্ত পরিচালিত সেই ছবি শুধু বক্স অফিসে সাফল্যই নয়, আবেগের জায়গায়ও গভীর ছাপ ফেলেছিল দর্শকের মনে। প্রায় তিন দশক পর সেই আবহেই ফিরছে তার সিক্যুয়েল ‘বর্ডার ২’ (Border 2)। নির্মাতাদের দাবি, যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হওয়া ছবিগুলির মধ্যে এটিই হতে চলেছে দেশের সবচেয়ে বড় মাপের প্রজেক্ট। আগামী ২৩ জানুয়ারি ২০২৬-এ মুক্তি পাবে এই বহু প্রতীক্ষিত ছবি।

আরও পড়ুন:Dhurandhar : বক্স অফিসে দাপট ‘ধুরন্ধর’-এর, রেকর্ড ভেঙে ৪১১ কোটি দেশীয় আয়! বিশ্বজুড়ে ৬২৩ কোটিতে রণবীর ঝড়

জে পি দত্ত ও তাঁর কন্যা নিধি দত্তের প্রযোজনায়, ভূষণ কুমারের সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে পরিচালনার দায়িত্বে রয়েছেন ‘কেশরী’ খ্যাত পরিচালক সন্দীপ সিংহ। মূল ‘বর্ডার’-এর মতোই এ ছবির প্রেক্ষাপট ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধ। সূত্রের খবর, রাজস্থানের সীমান্তবর্তী লঙ্গেওয়ালা অঞ্চলে ভারত-পাকিস্তানের সম্মুখ সমরের ঘটনাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে ‘বর্ডার ২’ (Border 2)-এর কাহিনি।অভিনয় তালিকায় সবচেয়ে বড় নাম সানি দেওল। আগের ছবিতে মেজর কুলদীপ সিংহের চরিত্রে যাঁকে দেখা গিয়েছিল, সিক্যুয়েলেও সেই চরিত্রেই ফিরছেন তিনি। জানা যাচ্ছে, এই ছবিতে সর্বাধিক পারিশ্রমিকও পেয়েছেন সানি। গত বছর ‘গদর ২’-এর জন্য তিনি ৫০ কোটি টাকা নিয়েছিলেন, আর ‘বর্ডার ২’ (Border 2)-এর ক্ষেত্রে সেই অঙ্ক আরও বেশি বলেই ইন্ডাস্ট্রির অনুমান।

এই ছবিতে প্রথমবার সৈনিকের চরিত্রে অভিনয় করছেন বরুণ ধওয়ান। তাঁর পারিশ্রমিক প্রায় ১০ কোটি টাকা বলে শোনা যাচ্ছে। দক্ষিণী ও বলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই জনপ্রিয় রশ্মিকা মন্দানা ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে, যাঁর পারিশ্রমিক প্রায় ৩ কোটি টাকা। পাঞ্জাবি তারকা দিলজিৎ দোসাঞ্জ, যাঁকে ঘিরে সাম্প্রতিক বিতর্ক সত্ত্বেও ছবিতে তাঁর উপস্থিতি নিশ্চিত, তিনি পেয়েছেন আনুমানিক ৫ কোটি টাকা। সুনীল শেট্টীর জায়গায় তাঁর ছেলে অহান শেট্টীকে সৈনিকের চরিত্রে দেখা যাবে, যদিও তাঁর পারিশ্রমিক নিয়ে নির্মাতারা মুখ খোলেননি।সব মিলিয়ে তারকা-সমাবেশ, বিপুল বাজেট ও ঐতিহাসিক যুদ্ধের আবহ—সব দিক থেকেই ‘বর্ডার ২’ (Border 2) নিয়ে প্রত্যাশা তুঙ্গে। যুদ্ধের গল্পে আবেগ আর দেশপ্রেমের মেলবন্ধন ঘটিয়ে ছবিটি আদৌ আগের ‘বর্ডার’-এর উত্তরাধিকার বহন করতে পারে কি না, তার উত্তর মিলবে মুক্তির দিনই।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole