Zubin Garg: কোভিড সংক্রমণের ইঙ্গিত, তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন জ়ুবিন গার্গের মৃত্যুকে ঘিরে নতুন বিতর্ক

পেজ 3

নিউজ পোল ব্যুরো: অসমের জনপ্রিয় গায়ক জ়ুবিন গার্গের মৃত্যু ঘিরে রহস্য আরও ঘনীভূত হল। মৃত্যুর সময় তিনি কোভিডে আক্রান্ত ছিলেন কি না, সেই প্রশ্ন সামনে এনে তদন্তের গতিপ্রকৃতি নিয়ে গুরুতর অভিযোগ তুললেন রাইজর দলপ্রধান অখিল গগৈ। তাঁর দাবি, প্রয়াত শিল্পীর শারীরিক অসুস্থতার বিষয়টি তদন্তে যথাযথ গুরুত্ব পায়নি। বিষয়টি সামনে আসার পর স্বাভাবিক ভাবেই নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এলেন জ়ুবিন গার্গ (Zubin Garg)।

আরও পড়ুন:Border 2: যুদ্ধের ময়দানে ফের প্রত্যাবর্তন, তারকাবহুল ‘বর্ডার ২’-এ পারিশ্রমিকের অঙ্কে চমক

অখিল গগৈ জানিয়েছেন, গায়কের স্ত্রী গরিমা গার্গ শইকীয়ার তরফে সিঙ্গাপুরের স্বাস্থ্য দফরের একটি নথি পুলিশকে জমা দেওয়া হয়েছিল। সেই নথি অনুযায়ী, ২০২৫ সালের ২০ সেপ্টেম্বর পর্যন্ত জ়ুবিন গার্গ (Zubin Garg) কোভিডে আক্রান্ত ছিলেন। অথচ এই তথ্য তদন্তের ক্ষেত্রে কতটা বিবেচনায় নেওয়া হয়েছে, তা নিয়ে স্পষ্ট প্রশ্ন তুলেছেন রাইজর দলপ্রধান। তাঁর মতে, একজন কোভিড আক্রান্ত ব্যক্তির মৃত্যুর ক্ষেত্রে চিকিৎসা সংক্রান্ত দিকটি আরও গভীর ভাবে খতিয়ে দেখা প্রয়োজন ছিল।শুধু স্বাস্থ্যগত বিষয় নয়, মৃত্যুতদন্তের জন্য গঠিত বিশেষ তদন্তকারী দল বা এসআইটির কাজের পদ্ধতিতেও একাধিক অসঙ্গতির কথা তুলে ধরেছেন অখিল। তাঁর অভিযোগ, অভিযুক্তদের ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। কিন্তু জ়ুবিন গার্গ (Zubin Garg)-এর মৃত্যুর ক্ষেত্রে সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। তদন্তকারী আধিকারিকেরা অপরাধস্থল সঠিক ভাবে পুনর্নির্মাণ করতে ব্যর্থ হয়েছেন বলেও দাবি তাঁর।

অখিল গগৈ আরও বলেন, অভিযোগপত্র অনুযায়ী এসআইটি ঘটনাস্থল থেকে মাত্র দু’টি প্রমাণ সংগ্রহ করেছে। একটি সিঙ্গাপুরের ৫০০ মিলিলিটারের প্রাকৃতিক খনিজ জলের বোতল এবং অন্যটি ঘটনাস্থলের একটি ভিডিয়ো। তাঁর মতে, এত গুরুত্বপূর্ণ একটি মামলায় প্রমাণ সংগ্রহের এই পরিসর অত্যন্ত সীমিত। শুধুমাত্র একটি ভিডিয়োর উপর নির্ভর করে তদন্ত এগোনো হয়েছে বলেও অভিযোগ তাঁর।এই সমস্ত প্রশ্নের মধ্যেই জ়ুবিন গার্গ (Zubin Garg)-এর মৃত্যু নিয়ে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি আরও জোরালো হচ্ছে। শিল্পীর অনুরাগী থেকে শুরু করে বিভিন্ন মহল চাইছে, তদন্তে যেন কোনও ফাঁক না থাকে। কোভিড সংক্রমণের সম্ভাবনা, তদন্তের পদ্ধতি ও প্রমাণ সংগ্রহ—সব দিক খতিয়ে দেখেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনোর দাবি উঠছে। জ়ুবিন গার্গ (Zubin Garg)-এর অকালপ্রয়াণ কি সত্যিই স্বাভাবিক ছিল, না কি এর নেপথ্যে অন্য কোনও অজানা সত্য লুকিয়ে আছে, সেই উত্তর এখনও অধরা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole