Uttarakhand flash floods: প্রকৃতির তাণ্ডবে সেনা ছাউনি ভেসে নিখোঁজ ৯ সেনা, প্রবল বৃষ্টিতে ব্যহত উদ্ধারকাজ

দেশ

নিউজ পোল ব্যুরো: মঙ্গলবার দুপুরে উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় মেঘ ভাঙাবৃষ্টির কারণে নামে হড়পা বান(Uttarakhand flash floods)। কয়েক মুহূর্তে তছনছ হয়ে যায় গোটা এলাকা। আকস্মিক বন্যার দৃশ্যে দেখা যাচ্ছে ঘরবাড়ি তাসের ঘরের মতো ভেঙে ভেসে যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের সাহায্যের জন্য চিৎকার করতে শোনা যাচ্ছে। প্রাকৃতিক এই দুর্যোগে চারজন নিহত এবং কমপক্ষে ৫০ জনের বেশি নিখোঁজ রয়েছেন। এই হড়পা বানেই ভেসে গিয়েছে হরশিলের একটি সেনা ছাউনি। সেখান থেকেই ৯ সেনা জওয়ান নিখোঁজ রয়েছেন বলেই সূত্রের খবর।

ভারতীয় সেনা ক্যাম্প হরশিলের থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে ধারালি গ্রাম এলাকার কাছে দুপুর ১:৪৫ মিনিটে এই হড়পা বান নামে। তাতেই নিশ্চিহ্ন হয়ে যায় গোটা এলাকা। সেই হড়পা বান ভাসিয়ে নিয়ে যায় সেনা ছাউনিকেও। সেনার তরফে এক বিবৃতিতে জানানও হয়েছে, “ঘটনার ১০ মিনিটের মধ্যে ১৫০ জওয়ান ঘটনাস্থলে পৌঁছে যান। পরিস্থিতির উপর নজরদারি চালানো হচ্ছে। বিপর্যস্ত নাগরিকদের সবরকম সাহায্য করতে দায়বদ্ধ ভারতীয় সেনা। চরম প্রতিকূলতার মধ্যে তাদের দৃঢ়তা ভারতীয় সেনাবাহিনীর প্রকৃত মনোভাবকে প্রতিফলিত করে, যারা দৃঢ়, নিঃস্বার্থ এবং সর্বদা জাতির সেবায় প্রস্তুত। ইতিমধ্যে, উদ্ধার অভিযানে নিয়োজিত থাকার জন্য অতিরিক্ত সেনা মোতায়েন করা হচ্ছে।” ঘটনার ১০ মিনিটের মধ্যে, সেনাবাহিনী ১৫০ জন কর্মীকে দুর্যোগস্থলে পাঠায়। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত ছিল, যার ফলে উদ্ধার প্রচেষ্টা ব্যাহত হয়েছিল।

আরও পড়ুন: Uttarkashi Cloudburst: রাক্ষুসে বান গিলে খেলো একের পর এক জনপদ, কেদারনাথ যাত্রা স্থগিত, তাণ্ডবলীলা উত্তরাখণ্ডে

হড়পা বানে (Uttarakhand flash floods) ক্ষতিগ্রস্ত ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। জানিয়েছেন ১৩০ জনকে উদ্ধার করা হয়েছে। ভারতীয় সেনাবাহিনী, আইটিবিপি, এসডিআরএফ, এনডিআরএফ এবং স্থানীয়রা সহ সকল সংস্থা উদ্ধার অভিযানে নিযুক্ত রয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন, “খারাপ আবহাওয়ার কারণে বেশ কয়েকটি এলাকার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছানো এবং উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালানো কঠিন হয়ে উঠছে।” দশজন ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ, তিনজন সুপারিনটেনডেন্ট অফ পুলিশ এবং ১৬০ জন পুলিশ কর্মকর্তা উদ্ধার অভিযানে যুক্ত রয়েছে। ৪০ থেকে ৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন, উত্তরাখণ্ডের প্রিন্সিপাল সচিব আরকে সুধাংশু। জেলা প্রশাসনের তরফে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। নম্বরগুলি হল ০১৩৭৪-২২২১২৬, ২২২৭২২ এবং ৯৪৫৬৫৫৬৪৩১।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole