নিউজ পোল ব্যুরো: ‘বাংলা বলে কোনও ভাষাই নেই’, এই বিতর্কিত মন্তব্য করে বিজেপির (BJP) আইটি সেল প্রধান অমিত মালব্য (Amit Malviya) যেন ঘি ঢেলেছেন আগুনে। দিল্লি পুলিশের ‘বাংলা মানেই বাংলাদেশি ভাষা’ বক্তব্য ঘিরে যখন উত্তাল বাংলার রাজনীতি, তখন মালব্যর এই মন্তব্যে রীতিমতো বিস্ফোরণ হয়েছে তৃণমূল (TMC) শিবিরে। তৃণমূল (TMC) সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (Kakali Ghosh Dastidar);সাফ জানিয়ে দিয়েছেন, “বাংলা ভাষাকে অপমান মানেই জাতীয় সঙ্গীতকে অপমান। আর সেটাই রাষ্ট্রদ্রোহের সামিল।”
মঙ্গলবার সংসদ ভবনের মকরদ্বারের সামনে দাঁড়িয়েই মালব্যর বক্তব্যের প্রতিবাদে গর্জে ওঠেন কাকলি। তার দাবি, বিজেপি অবিলম্বে এই নেতার বিরুদ্ধে পদক্ষেপ করুক, নাহলে রাষ্ট্রদ্রোহের অভিযোগ দায়ের হোক। বিষয়টি নিয়ে বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে সংসদে বিক্ষোভে নামছে তৃণমূল (TMC) সাংসদরা। কাকলি ঘোষ দস্তিদার-সহ উপস্থিত থাকবেন একাধিক নেতৃবৃন্দ।
তৃণমূলের অভিযোগ, বাংলা ভাষাকে বাংলাদেশি আখ্যা দিয়ে বিজেপি আসলে বাঙালি পরিচিতি ও ভারতের জাতীয় সত্তাকে আঘাত করেছে। জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’ বাংলায় লেখা। সেই ভাষাকেই যদি প্রশ্নবিদ্ধ করা হয়, তা হলে তো সরাসরি সংবিধান ও রাষ্ট্রের আদর্শকেই অপমান করা হয়। বিষয়টি শুধু ভাষা নয়, রাজনীতির বৃহত্তর চালচিত্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বিজেপির পক্ষ থেকে এখনো কোনও আনুষ্ঠানিক ক্ষমাপ্রার্থনা বা ব্যাখ্যা না আসায় ক্ষোভ বেড়েই চলেছে। তৃণমূল জানিয়েছে, সংসদে মালব্যর মন্তব্যের বিরুদ্ধে নোটিসও জমা দেওয়া হবে। এই প্রসঙ্গকে কেন্দ্র করে বাংলার রাজনৈতিক আবহে উত্তেজনা তুঙ্গে। তৃণমূলের কড়া বার্তা, “বাংলার অপমান আমরা মেনে নেব না। বিজেপির নীরবতা মানেই সম্মতি।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
