Donald Trump: আন্তর্জাতিক রাজনীতিতে চলছে এক অন্য খেলা, ট্রাম্পকে ‘মস্তান’ বললেন ভারতে থাকা চিনা রাষ্ট্রদূত

আন্তর্জাতিক দেশ

নিউজ পোল ব্যুরো: ভারতের উপর শুল্ক কর বাড়িয়ে ৫০ শতাংশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্প(Donald Trump)। এই শুল্ককর বৃদ্ধির জন্য রাশিয়া থেকে ভারতের তেল আমদানিকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ভারতের সঙ্গে যখন আমেরিকার এক শুল্ক লড়াই চলছে তখনই ঘটল অবাক করা ঘটনা। ট্রাম্পকে বিঁধে ভারতের পাশে দাঁড়াল চিন(China)। নাম না করেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘মস্তান’ বলে কটাক্ষ করলেন নয়াদিল্লিতে নিযুক্ত চিনের রাষ্ট্রদূত জু ফেইহং। চিনা রাষ্ট্রদূতের এক্স হ্যান্ডলে পোস্ট নিয়েই এখন ঝড় উঠেছে আন্তর্জাতিক রাজনীতিতে।

চিনের রাষ্ট্রদূত জু ফেইহং এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘মস্তানকে এক ইঞ্চি জায়গা দিলে মাইলকে মাইল দখল করে নেবে। শুল্ককে অস্ত্র হিসেবে ব্যবহার করে অন্য দেশগুলিকে অবদমন করতে চাইলে তা রাষ্ট্রসংঘের বাণিজ্য নীতির পরিপন্থী হবে। এটা দীর্ঘস্থায়ী হতে পারে না।’ এমনকি তিনি ব্রাজিলের রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টার সঙ্গে চিনা বিদেশমন্ত্রী ওয়াং ইয়ের টেলিফোন কথোপকথনের একটি অংশও শেয়ার করেছেন। এই প্রসঙ্গে উল্লেখ্য, , ব্রাজিলের পর ভারত দ্বিতীয় ব্রিকসের সদস্য দেশ জারা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৫০ শতাংশ শুল্কের মুখোমুখি হয়েছে। অন্যদিকে বিদেশ মন্ত্রকের (এমইএ) অর্থনৈতিক সম্পর্ক সচিব দাম্মু রবি ভারতীয় আমদানির উপর মার্কিন শুল্ককে ‘একতরফা সিদ্ধান্ত’ বলে উল্লেখ করে বলেছেন যেভাবে শুল্ক ঘোষণা করা হয়েছে তাতে কোনও যুক্তি নেই।

আরও পড়ুন: Vice Presidential election: জগদীপ ধনখড়ের আকস্মিক পদত্যাগে ফাঁকা আসন, উপরাষ্ট্রপতির পদে প্রার্থী চূড়ান্ত করতে জরুরি বৈঠকে NDA নেতারা

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট(Donald Trump) গত বুধবার জানিয়েছিলেন ২৫ শতাংশ শুল্ক চাপানো কথা। তার পরেই রাশিয়ার থেকে এখনও তেল কেনা চালিয়ে যাওয়ার অভিযোগ এনে শাস্তি স্বরূপ আরও ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপের কথা ঘোষণা করেন। অর্থাৎ এবার থেকে আমেরিকা ভারতীয় পণ্যের উপর মোট ৫০ শতাংশ শুল্ক চাপাবে। এই ঘটনা নিয়ে ভারতে রীতিমত ঝড় উঠেছে। বিরোধীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই নিয়ে কটাক্ষ ও আক্রমণ করতে ছাড়ছেন না। এহেন পরিস্থিতিতে ভারতের পাশে চিনের দাঁড়ানো যে অন্য মাত্রা যোগ করবে তা আর বলার অপেক্ষা রাখে না। এই প্রসঙ্গে উল্লেখ্য, চলতি মাসের শেষেই আবার চিন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole