নিউজ পোল ব্যুরো: আজই উপরাষ্ট্রপতি নির্বাচনের(Vice Presidential election) বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। কে বসবেন জগদীপ ধনখড়ের আসনে তা নিয়ে জল্পনার মধ্যেই উপরাষ্ট্রপতির পদে প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বসেছেন এনডিএ নেতারা। জানা গিয়েছে, আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য জোটের মনোনীত প্রার্থী নির্বাচন নিয়ে আলোচনা করার করতেই এনডিএ নেতাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকের পর বক্তব্য রাখতে গিয়ে সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডা প্রার্থীর নাম নির্ধারণ করবেন। স্বাস্থ্যগত সমস্যার কারণে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় পদত্যাগ করার কয়েকদিন পর এই বৈঠকটি হয়েছে। জানিয়ে রাখা ভালো, সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনেই ধনখড় পদত্যাগ করেন। তারপর থেকেই এই আসন ফাঁকা রয়েছে। বিজেপি সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, শিবসেনা নেতা শ্রীকান্ত শিন্ডে, মিলিন্দ দেওরা, প্রফুল প্যাটেল, চিরাগ পাসওয়ান, উপেন্দ্র কুশওয়াহা, রাম মোহন, লল্লান সিং, আপনা দল (এস) নেতা অনুপ্রিয়া প্যাটেল, রামদাস আঠাওয়ালে এবং অন্যান্য সিনিয়র নেতারা প্রার্থী বাছাইয়ের বৈঠকে উপস্থিত ছিলেন।
এই বৈঠক কেবল উপরাষ্ট্রপতি পদের (Vice Presidential election) জন্য এনডিএ-র প্রার্থী চূড়ান্ত করার জন্যই নয়, বরং নির্বাচনে ভোটদানের জন্য সমন্বয় এবং প্রশিক্ষণ সম্পর্কে আলোচনা করার জন্যও তাৎপর্যপূর্ণ। যেহেতু উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ গোপন ব্যালটের মাধ্যমে হয় এবং দলীয় হুইপ জারি করা যায় না, তাই বৈঠকের মূল লক্ষ্য হল সমস্ত এনডিএ সাংসদকে সঠিকভাবে ভোট দেওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়া, যাতে কোনও অবৈধ ব্যালট এড়ানো যায়। কমিশনের বিজ্ঞপ্তি অনুসারে, ২১ আগস্ট মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ এবং ২২ আগস্ট নথিপত্র পরীক্ষা করা হবে। বিজ্ঞপ্তি অনুসারে, ২৫ আগস্ট মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ। জগদীপ ধনখড়ের স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগের পর ২১ জুলাই উপরাষ্ট্রপতির পদ শূন্য হয়ে যায়। তাঁর মেয়াদ ২০২৭ সালের আগস্টে শেষ হওয়ার কথা ছিল।
