নিউজ পোল ব্যুরো: অনুপ্রবেশ ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) নিশানা করে তীব্র ভাষায় আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর (Abhishek Banerjee) কটাক্ষ, স্বাধীনতার পর দেশের ইতিহাসে অমিত শাহই সবচেয়ে ব্যর্থ ও অযোগ্য স্বরাষ্ট্রমন্ত্রী। বুধবার একাধিক দাবিদাওয়া নিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করার আগে মঙ্গলবার কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন ডায়মন্ড হারবারের সাংসদ।
আরও পড়ুন: Amit Shah: সত্যিই কি বাংলা জিততে চায় বিজেপি? সেটিং বিতর্ক নিয়ে অবশেষে মুখ খুললেন শাহ
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেন, অনুপ্রবেশ নিয়ে অমিত শাহ যেভাবে রাজ্য সরকারকে দায়ী করছেন, তা সম্পূর্ণ বিভ্রান্তিকর। নিজের বক্তব্যের পক্ষে বিজেপিরই দুই সাংসদ রাজ্যসভার সদস্য অনন্ত মহারাজ এবং রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারের মন্তব্য তুলে ধরেন তিনি। অভিষেকের দাবি, কয়েকদিন আগেই অনন্ত মহারাজ প্রকাশ্যে বলেছিলেন, দেশের সবচেয়ে বড় অনুপ্রবেশকারী স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী। আবার জগন্নাথ সরকার বলেছিলেন, বিজেপি ক্ষমতায় এলে সীমান্ত বলে কিছু থাকবে না। অথচ সেই সীমান্ত রক্ষার ব্যর্থতার দায় আজ রাজ্য সরকারের ঘাড়ে চাপানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তৃণমূল নেতার আরও প্রশ্ন, এত গুরুতর মন্তব্য করার পরেও কেন ওই দুই বিজেপি সাংসদের বিরুদ্ধে কোনও শোকজ বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। এই প্রসঙ্গ টেনে তিনি বলেন, এতে স্পষ্ট হয় বিজেপির দ্বিচারিতা ও রাজনৈতিক ভণ্ডামি। এরপর দিল্লিতে বিস্ফোরণ এবং জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রসঙ্গ তুলে কেন্দ্রকে কাঠগড়ায় তোলেন অভিষেক। তাঁর প্রশ্ন, বিহার নির্বাচনের ঠিক আগে রাজধানীতে বিস্ফোরণ হল, সেখানে কি রাজ্য সরকারের কোনও ভূমিকা আছে? কিংবা কাশ্মীরে জঙ্গিরা ঢুকে নিরীহ মানুষকে হত্যা করল সেখানে দায় কার?
অভিষেকের যুক্তি, সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফ, দিল্লি পুলিশ এবং জম্মু-কাশ্মীর পুলিশ সবই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে। তাহলে এই ব্যর্থতার দায় স্বরাষ্ট্রমন্ত্রী এড়াতে পারেন না। এই প্রসঙ্গেই তিনি বলেন, স্বাধীন ভারতের ইতিহাসে যদি কেউ সবচেয়ে অযোগ্য স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে থাকেন, তবে তিনি অমিত শাহ।
এছাড়াও মতুয়াদের নাগরিকত্ব ইস্যুতে বিজেপির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, নাগরিকত্বের প্রতিশ্রুতি দেখিয়ে মতুয়াদের শুধু আশ্বাস দেওয়া হয়েছে। নাম না করে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকেও কটাক্ষ করে তিনি বলেন, মতুয়াদের প্রতিনিধি হয়েও তাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার কথা বলা হচ্ছে। এই রাজনীতিকেই বিজেপির আসল চরিত্র বলে মন্তব্য করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
