Amit Shah: সত্যিই কি বাংলা জিততে চায় বিজেপি? সেটিং বিতর্ক নিয়ে অবশেষে মুখ খুললেন শাহ

breakingnews কলকাতা

নিউজ পোল ব্যুরো: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে (Assembly Elections) পশ্চিমবঙ্গ দখল করবে বিজেপি (BJP) কলকাতায় তিনদিনের সফরে এসে এমনই দৃঢ় আত্মবিশ্বাসের কথা শোনালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তাঁর দাবি, বিপুল জনসমর্থন নিয়ে বিজেপি দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে রাজ্যে সরকার গঠন করবে। আগের কয়েকটি নির্বাচনের ভোটের হার, আসনসংখ্যা ও রাজনৈতিক পরিবর্তনের পরিসংখ্যান বিশ্লেষণ করেই এই পূর্বাভাস দিচ্ছেন তিনি। তবে শাহর এই বক্তব্যের পরেই নতুন করে প্রশ্ন উঠেছে বিজেপি (BJP) কি সত্যিই বাংলা জয়ের জন্য আন্তরিক, নাকি তৃণমূলের (TMC) সঙ্গে কোনও অঘোষিত সমঝোতার জেরেই এতদিন রাজ্যে ক্ষমতার পালাবদল হয়নি?

আরও পড়ুন: Mamata Banerjee: SIR শুনানিতে বয়স্কদের দুর্ভোগে ক্ষুব্ধ মমতা, নাম কাটলেই দিল্লি অভিযান!

দীর্ঘদিন ধরেই বিজেপির বিরুদ্ধে তৃণমূল-বিজেপি ‘সেটিং তত্ত্ব’ তুলে ধরছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। তাঁদের মতে, দুর্বল সংগঠন, সুসংহত নেতৃত্বের অভাব ও জনসংযোগে ঘাটতির কারণে বারবার ব্যর্থ হচ্ছে বিজেপি। যদিও ভোটের আগে রাজ্যে এসে বিজেপির কেন্দ্রীয় নেতারা সরকার উৎখাতের হুঙ্কার দেন, কিন্তু ফলাফল ঘোষণার পর দেখা যায় বাস্তব চিত্র ভিন্ন। এই প্রেক্ষিতেই অমিত শাহকে সরাসরি প্রশ্ন করা হয় বিজেপি কি আদৌ বাংলা জিততে চায়?

এই প্রশ্নের জবাবে শাহ (Amit Shah) পরিসংখ্যান তুলে ধরে নিজের অবস্থান স্পষ্ট করেন। তিনি জানান, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ১৭ শতাংশ ভোট পেয়ে মাত্র ২টি আসন জিতেছিল। ২০১৬ সালের বিধানসভায় ভোট শতাংশ ছিল ১০, বিধায়ক ছিলেন ৩ জন। কিন্তু ২০১৯ সালে ভোট বেড়ে হয় ৪১ শতাংশ, আর ২০২১ বিধানসভা নির্বাচনে বিজেপি পায় ৭৭টি আসন। ফলে বাম ও কংগ্রেস রাজ্য রাজনীতি থেকে কার্যত কোণঠাসা হয়ে যায় এবং বিজেপি প্রধান বিরোধী শক্তি হিসেবে উঠে আসে। ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপি পেয়েছে ৩৯ শতাংশ ভোট ও ১২টি আসন। শাহর কথায়, এই ধারাবাহিক অগ্রগতিই প্রমাণ করে যে ২০২৬ সালে বিজেপি ক্ষমতায় আসবেই।

এরপর তিনি রাজ্যবাসীর কাছে আবেদন জানান, কংগ্রেস, বাম ও তৃণমূলকে বহু বছর সুযোগ দিয়েছেন মানুষ, কিন্তু তাতে বাংলার উন্নতি হয়নি। বিজেপি শাসিত রাজ্যগুলির উন্নয়ন ও সুশাসনের উদাহরণ তুলে ধরে শাহ বলেন, বিজেপিকে সুযোগ দিলে বাংলাকে মনীষীদের স্বপ্নের উন্নত রাজ্যে পরিণত করা হবে। অমিত শাহর (Amit Shah) এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাঁকুড়ার জনসভা থেকে তিনি কটাক্ষ করে বলেন, “সোনার বাংলা গড়ার কথা বলছেন, অথচ ওড়িশায় বাংলা ভাষায় কথা বললেই পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হয়। এই বিজেপিই আবার বাংলার ভবিষ্যৎ গড়বে?” তাঁর এই মন্তব্যে রাজনৈতিক তরজা আরও তীব্র হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole