নিউজ পোল ব্যুরো: বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসির (Lionel Messi) কলকাতা সফর ঘিরে যে বিপুল উন্মাদনা তৈরি হয়েছিল, তার রেশ এখনও কাটেনি। সেই উত্তেজনার জেরে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে যে ভাঙচুর ও বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়েছিল, তার ক্ষত আজও স্পষ্ট। হাজার হাজার দর্শকের ভিড় সামলাতে না পেরে একাধিক জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে এশিয়ার বৃহত্তম স্টেডিয়ামগুলির অন্যতম এই ক্রীড়াঙ্গন। অবশেষে সেই ক্ষত সারাতে এগিয়ে এল রাজ্য সরকার।
আরও পড়ুন:Mamata Banerjee: SIR শুনানিতে বয়স্কদের দুর্ভোগে ক্ষুব্ধ মমতা, নাম কাটলেই দিল্লি অভিযান!
নবান্ন সূত্রে জানা গিয়েছে, ঘটনার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়, মুখ্যসচিব মনোজ পন্থ এবং স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেন। একইসঙ্গে পূর্ত দফতরকে (PWD) স্টেডিয়ামের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়। দীর্ঘ সমীক্ষা ও পরিদর্শনের পর সেই রিপোর্ট নবান্নে জমা পড়ে। সূত্রের খবর, রিপোর্ট খতিয়ে দেখার পরই পূর্ত দফতরকে দ্রুত সংস্কারের প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে তদন্ত প্রক্রিয়া চলাকালীন সংস্কারের কাজ শুরু করা সম্ভব হয়নি। সম্প্রতি পুলিশের তরফে সবুজ সংকেত মেলায় জানুয়ারি মাস থেকেই যুবভারতী ক্রীড়াঙ্গনের সংস্কারকাজ শুরু হতে চলেছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
পূর্ত দফতরের এক আধিকারিক জানিয়েছেন, “স্টেডিয়ামের বহু বসার চেয়ার ভেঙে ফেলা হয়েছে, লোহার গ্রিল ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনকি খেলোয়াড়দের ড্রেসিংরুমে যাওয়ার পথের ছাদও ভেঙে পড়েছে। মাঠের ভিতরের একাধিক জায়গায় ফুলের টব ও অন্যান্য সামগ্রী ভাঙচুর করা হয়েছে। ফলে কাজটা সহজ নয়, তবে দ্রুততার সঙ্গে শেষ করার চেষ্টা করা হবে।” যুবভারতী ক্রীড়াঙ্গন রাজ্যের ক্রীড়াজগতের আবেগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই রাজ্য সরকার চায়, যত দ্রুত সম্ভব এই আন্তর্জাতিক মানের স্টেডিয়ামকে আবার খেলাধুলার উপযোগী করে তোলা হোক। মুখ্যমন্ত্রী নিজেই ক্রীড়া দফতরের দায়িত্বে থাকায়, সংস্কারকাজ তার সরাসরি তত্ত্বাবধানেই হবে বলে প্রশাসন সূত্রে খবর।
