TMC: সংসদে বাঙালিদের উপর নিগ্রহ ও বিহারের SIR ইস্যুতে চড়া সুরে তৃণমূল, নেতৃত্বে অভিষেক

breakingnews দেশ রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: ভিনরাজ্যে বাঙালি নিগ্রহের প্রতিবাদে এবার সরাসরি সংসদ চত্বরে তৃণমূল কংগ্রেস (TMC)। দলনেতা ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্বে সংসদ চত্বরে তীব্র প্রতিবাদে গর্জে উঠলেন তৃণমূল সাংসদরা। একদিকে বাংলা ও বাঙালির উপর ক্রমবর্ধমান আক্রমণ, অন্যদিকে বিহারের (Bihar) বিতর্কিত SIR প্রকল্প ও ভোটচুরির অভিযোগ, এই দুই ইস্যুকেই একসঙ্গে সামনে এনে ইন্ডিয়া জোটের (India Alliance) বিক্ষোভে সক্রিয় ভূমিকায় তৃণমূল (TMC)।

আরও পড়ুন: Donald Trump: আন্তর্জাতিক রাজনীতিতে চলছে এক অন্য খেলা, ট্রাম্পকে ‘মস্তান’ বললেন ভারতে থাকা চিনা রাষ্ট্রদূত

অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদ অধিবেশন শুরুর আগেই দলীয় সাংসদদের স্পষ্ট বার্তা দেন, বাংলার গরিমা ও গণতন্ত্রের রক্ষায় তীব্র প্রতিবাদে সরব হতে হবে। সেই মোতাবেক, শুক্রবার (Friday) সকালেই সংসদের মকরদ্বারের সামনে জড়ো হন তৃণমূলের লোকসভা ও রাজ্যসভার সাংসদরা। হাতে প্ল্যাকার্ড, কণ্ঠে প্রতিবাদের স্লোগান ‘বাংলা ও বাঙালির অপমান মানি না’, ‘জাতীয় সংগীতের অসম্মান দেশদ্রোহিতা’, ‘বিজেপি (BJP) শাসিত রাজ্যে বাঙালিদের উপর নিগ্রহ কেন?’ স্লোগানে মুখর সংসদ চত্বর।

এদিনের প্রতিবাদ কর্মসূচিতে ইন্ডিয়া জোটের অন্যান্য শরিকদেরও দেখা যায় তৃণমূলের (TMC) পাশে। শুধু বাঙালিদের প্রতি নিগ্রহ নয়, বিহারের বিতর্কিত SIR প্রকল্প ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও সংসদ চত্বরে একযোগে স্লোগান ওঠে—‘নির্বাচন কমিশন হায় হায়’, ‘শেম শেম’। তৃণমূল সাংসদ দোলা সেন, শতাব্দী রায়, রচনা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া-সহ অনেকেই এই বিক্ষোভে অংশ নেন। উপস্থিত ছিলেন অভিষেকও।

এর আগে বৃহস্পতিবার রাতে রাহুল গান্ধীর (Rahul Gandhi) বাসভবনে ইন্ডিয়া জোটের বৈঠকে অংশ নেন অভিষেক। জোটের মধ্যে সমন্বয় আরও মজবুত করতে ওই বৈঠকেই রূপরেখা তৈরি হয় এদিনের বিক্ষোভের। সংসদে যাওয়ার আগে অভিষেক দলীয় দপ্তরে গিয়ে সাংসদদের শুভেচ্ছা গ্রহণ করেন। নতুন লোকসভার দলনেতা, উপদলনেতা শতাব্দী রায় এবং চিফ হুইপ কাকলি ঘোষ দস্তিদারকে সংবর্ধনা দেওয়া হয়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole