WBBSE New Rule: পড়ুয়ারা স্বাক্ষর করতে না পারলে করবেন অভিভাবকরা, নতুন নির্দেশিকা জারি মধ্যশিক্ষা পর্ষদের!

শিক্ষা

নিউজ পোল ব্যুরো: বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের জন্য নবম শ্রেণিতে নাম নথিভুক্ত করার প্রক্রিয়ায় বিশেষ ছাড় ঘোষণা করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE New Rule) । রেজিস্ট্রেশন ফর্মে স্বাক্ষর করতে না পারলে, এবার থেকে তাঁদের পক্ষ থেকে অভিভাবকেরা স্বাক্ষর করতে পারবেন। শুক্রবার সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের উদ্দেশে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে পর্ষদ।

আরও পড়ুন:Ditipriya Roy: চিত্রনাট্য, নাকি বাস্তব জীবনের নাটক! একদিনেই মিটল জীতু-দিতিপ্রিয়ার মনোমালিন্য

পর্ষদ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি উত্তর দিনাজপুর জেলার একটি স্কুলের প্রধান শিক্ষক পর্ষদে চিঠি দিয়ে জানান, তাঁদের স্কুলের দু’জন বিশেষভাবে সক্ষম পড়ুয়া পেন ধরতে পর্যন্ত সক্ষম নয়। অথচ অনলাইন রেজিস্ট্রেশনের সময় শিক্ষার্থীর নিজস্ব স্বাক্ষর অপরিহার্য। ওই দুই পড়ুয়া নিজেরা স্বাক্ষর করতে না পারায় স্কুল কর্তৃপক্ষ সমস্যায় পড়েন। বিষয়টি জানার পরই দ্রুত পদক্ষেপ নেয় পর্ষদ (WBBSE New Rule) এবং বিশেষ নির্দেশিকা জারি করে।

নতুন নির্দেশ অনুযায়ী, কোনও বিশেষভাবে সক্ষম শিক্ষার্থী স্বাক্ষর করতে না পারলে তাঁর অভিভাবক বা আইনানুগ অভিভাবক রেজিস্ট্রেশন ফর্মে স্বাক্ষর করতে পারবেন। তবে সেই ক্ষেত্রে স্কুলের প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা সংশ্লিষ্ট ফর্মে স্কুলের সিলমোহর দিয়ে অনুমোদন দেবেন। এতদিন পর্যন্ত যারা নিজেরা লিখতে পারতেন না, তারা কীভাবে স্বাক্ষর করতেন এমন প্রশ্নের উত্তরে মধ্যশিক্ষা পর্ষদের সচিব সুব্রত ঘোষ বলেন, “এতদিন কোনও স্কুল থেকে আমাদের কাছে এই বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ বা সমস্যার কথা জানানো হয়নি। এবার প্রথম আমরা এই বিষয়টি জানার পরই ব্যবস্থা নিয়েছি।”

পর্ষদ সূত্রে জানা যায়, প্রতি বছর মাধ্যমিক পরীক্ষায় প্রায় ১২০০ থেকে ১৫০০ জন বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থী অংশ নেন। এদের মধ্যে অনেকেই লেখার জন্য সহায়তাকারী (Writer) পান। দৃষ্টিহীন শিক্ষার্থীদের জন্য থাকে ব্রেইল প্রশ্নপত্র এবং উত্তরপত্রের বিশেষ ব্যবস্থা। প্রয়োজনে পরীক্ষার্থীরা অতিরিক্ত সময়ও পেয়ে থাকেন।

পর্ষদ কর্তৃপক্ষ জানিয়েছে, এই নতুন সিদ্ধান্ত বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশনের প্রক্রিয়াকে অনেক সহজ করবে। পাশাপাশি স্কুল কর্তৃপক্ষেরও সুবিধা হবে। শিক্ষা অধিকার আইনের আওতায় সকল শিক্ষার্থীকে সমান সুযোগ ও সুবিধা দেওয়ার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই নির্দেশিকা কার্যকর হলে শুধু রেজিস্ট্রেশনের ক্ষেত্রেই নয়, ভবিষ্যতে পরীক্ষার অন্যান্য আনুষ্ঠানিকতাতেও বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীরা প্রয়োজনীয় সহায়তা পেতে পারেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT