Ditipriya Roy: চিত্রনাট্য, নাকি বাস্তব জীবনের নাটক! একদিনেই মিটল জীতু-দিতিপ্রিয়ার মনোমালিন্য

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: টেলিপাড়ায় বৃহস্পতিবার রাত থেকেই একটাই গুঞ্জন ‘চিরদিনই তুমি যে আমার’-এর নায়ক বদলে যাচ্ছেন! শোনা যাচ্ছিল, দুর্ঘটনার ট্র্যাক দেখিয়ে প্লাস্টিক সার্জারির মাধ্যমে নতুন মুখ নিয়ে ফিরবেন নায়ক। এমনকি ধারাবাহিক ‘পরশুরাম’-এর ইন্দ্রজিৎ বসুই নাকি এই জায়গা নেবেন এই রটনাও ছড়িয়ে পড়ে। কারণ? চলতি পর্বে নায়কের দুর্ঘটনার সঙ্গে সঙ্গে নায়িকা দিতিপ্রিয়া রায়ের (Ditipriya Roy) সঙ্গে তাঁর অনস্ক্রিন মনোমালিন্যের ইঙ্গিত মিলেছিল।

আরও পড়ুন:Chanar Mughlai Curry: শ্রাবণের নিরামিষ রসনায় রাজকীয় ছোঁয়ায় বানিয়ে ফেলুন ছানার মোগলাই কারি!

শুক্রবার সকাল থেকে পরিস্থিতি আরও জটিল হয়, যখন জীতু কমল (Jeetu Kamal) সোশ্যাল মিডিয়ায় লেখেন তিনি ভীতু নন, তাই ময়দান ছেড়ে যাবেন না, বরং আগের মতোই দায়বদ্ধ থেকে কাজ চালিয়ে যাবেন। এতে নায়ক বদলের জল্পনা আরও জোরদার হয়। খবর ছিল, সেটে সে দিন নীরবতা নেমে এসেছিল। দুপুর থেকে জীতু শুটিং শুরু করলেও, দিতিপ্রিয়া (Ditipriya Roy) তখনও পৌঁছননি। নায়কের অফিসের সেট বদলে গিয়েছিল হাসপাতালের কেবিনে, যেখানে অধিকাংশ দৃশ্য গুরুতর আহত নায়ককে ঘিরেই শুট হয়।

তবে বিকেলের পরেই পরিস্থিতি নাটকীয় মোড় নেয়। দিতিপ্রিয়া (Ditipriya Roy) একটি পোস্ট করে জানান, “প্রযোজনা সংস্থার হস্তক্ষেপে সহ-অভিনেতার সঙ্গে সমস্যার সমাধান হয়েছে।” টেলিপাড়ার অন্দরমহলের খবর, বিষয়টি ক্রমশ ঘোরালো হওয়ায় প্রযোজনা সংস্থার অন্যতম কর্ণধার নিজে হাল ধরেন। বৃহস্পতিবার রাতেই তিনি আলাদা করে জীতু ও দিতিপ্রিয়ার সঙ্গে কথা বলেন। জীতুকে জিজ্ঞেস করেন, সহ-অভিনেত্রী নিয়ে তাঁর কোনও আপত্তি আছে কি না বা স্বচ্ছন্দে কাজ করতে পারবেন কি না। জীতুর জবাব তাঁর কোনও অসুবিধা নেই। একইভাবে দিতিপ্রিয়ার সঙ্গেও প্রযোজক কথা বলে সমস্যার সমাধান করেন।

নায়ক বদলের জল্পনা নিয়েও অবশেষে মুখ খুলেছে টিম। জানা গিয়েছে, স্টুডিয়োর পাশের ফ্লোরে ‘পরশুরাম’ (Porshuram) -এর শুটিং চলছিল, সেখান থেকেই ইন্দ্রজিতের নাম জড়িয়ে পড়ে। উপরমহল থেকে নায়ক-নায়িকা বদলের কোনও নির্দেশ আসেনি। উল্টে ধারাবাহিকের টিআরপি বেড়ে ৫.৭ যা প্রোডাকশন টিমের মুখে হাসি এনে দিয়েছে। সব মিলিয়ে, এক দিনের উত্তেজনা শেষমেশ মিলিয়ে গেল বোঝাপড়ায়। দর্শকও স্বস্তি পেলেন ‘চিরদিনই তুমি যে আমার’-এর প্রিয় জুটি আপাতত থাকছেন অটুট।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT