নিউজ পোল ব্যুরো: শ্রাবণ মাস এলেই অনেকেই নিরামিষ খাওয়ার নিয়ম মেনে চলেন। বাঙালির হেঁশেলে নিরামিষ মানেই শুধু আলুর দম বা লাউ-ছোট মাছে আটকে থাকলে চলবে না। পনিরের বদলে এবার ব্যবহার করুন ঘরে তৈরি টাটকা ছানা (Chanar Mughlai Curry)। আর সেই ছানা দিয়েই বানিয়ে ফেলুন একেবারে রেস্টুরেন্ট-স্টাইলে মোগলাই কারি! ঝাল-মিষ্টি স্বাদের এই পদ তৈরি করতে বিশেষ কিছু লাগে না, ঘরেই থাকা উপকরণেই হয়ে যাবে। বাদাম, দুধ, দই আর মশলার মিশেলে ছানার এই রাজকীয় রেসিপিটি একবার বানালে, পরিবারের সবার মন জয় হবেই।
উপকরণ:
ছানা – ২৫০ গ্রাম
কাজুবাদাম – ১০-১২টি (পেস্ট করে নিন)
পোস্ত – ১ টেবিল চামচ
টক দই – ৩ টেবিল চামচ
পেঁয়াজ – ১টি (বাটা)
আদা-রসুন বাটা – ১ টেবিল চামচ
কাঁচালঙ্কা – ২টি (চিরে নেওয়া)
গোটা গরম মশলা (দারচিনি, এলাচ, লবঙ্গ)
দুধ – আধ কাপ
ঘি ও সাদা তেল – ২ টেবিল চামচ করে
নুন, চিনি ও গরম মশলা – স্বাদ অনুযায়ী
প্রণালী:
প্রথমে ছানাটা হাতে নিয়ে সামান্য নুন দিয়ে ভালো করে মেখে ছোট ছোট বল তৈরি করে নিন। চাইলে ভেতরে একটি করে কিশমিশ বা অর্ধেক কাজু রাখতে পারেন। হালকা ঘিয়ে ভেজে তুলে রাখুন বলগুলো।
এরপর কড়াইতে তেল ও ঘি গরম করে দিন গোটা গরম মশলা। এবার দিন পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা ও কাঁচালঙ্কা। ভালো করে কষে নিন। এর সঙ্গে পোস্ত আর কাজুর পেস্ট মিশিয়ে দিন। কিছুক্ষণ ভাজা হলে দিন টক দই, একটু নেড়েচেড়ে কষিয়ে নিন। দুধ দিয়ে মিশ্রণটা ঘন করে নিন। নুন, চিনি দিয়ে স্বাদ ঠিক করে নিন। শেষে ছানার (Chanar Mughlai Curry) কোফতাগুলো গ্রেভিতে দিয়ে দিন। উপর থেকে সামান্য গরম মশলা ছড়িয়ে ঢেকে রাখুন ৫ মিনিট।
পরিবেশন:
এই ছানার মোগলাই কারি (Chanar Mughlai Curry) পরিবেশন করুন গরম ভাত, পোলাও, লুচি বা ঘিয়ে ভাজা পরোটা দিয়ে। অতিথি আপ্যায়ন হোক বা নিরামিষ দিনের স্পেশাল মেনু এই পদ আপনার রান্নায় আনবে আলাদা মাত্রা। একঘেয়ে নিরামিষ হোক জমজমাট, ছানার মোগলাই কারি থাকুক আজকের প্লেটে!
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
