নিউজ পোল ব্যুরো: ভোটাধিকার রক্ষার লড়াইয়ে যখন বিরোধীরা রাজপথে, তখন মুখোশ খুলে দিল বিজেপি (BJP) শাসিত দিল্লি (Delhi) পুলিশ। সোমবার সকালে দিল্লির রাজপথ কার্যত রণক্ষেত্রের রূপ নেয়। নির্বাচন কমিশনের (Election Commission) বিরুদ্ধে ‘ভোটচুরি’ এবং বিশেষ নিবিড় সংশোধনের নামে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগে ‘ইন্ডিয়া’ জোটের ডাকে বিক্ষোভে সামিল হয় একাধিক রাজনৈতিক দল। লক্ষ্য ছিল নির্বাচন কমিশনের অফিস ঘেরাও। কিন্তু তার আগেই পথে নেমে পুলিশের নির্মম হেনস্তার শিকার হন মহিলা সাংসদরা। তৃণমূল (TMC) সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra), মিতালি বাগ-সহ (Mitali Bag) একাধিক মহিলা সাংসদকে জোর করে ঠেলে ফেলা হয়, বাধা দেওয়া হয় প্রতিবাদে। ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন মহুয়া ও মিতালি। মিতালি বাগকে ভর্তি করা হয় হাসপাতালে। এই ঘটনায় ফুঁসে উঠেছে তৃণমূল কংগ্রেস (TMC)।
সোশ্যাল মিডিয়ায় বিজেপি ও দিল্লি পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তৃণমূলের প্রশ্ন, “মানুষের ভোটাধিকারের পক্ষে দাঁড়ানো কি অপরাধ? এই কি গণতন্ত্র?” রাস্তায় ব্যারিকেডে চড়ে প্রতিবাদ করেন মহুয়া, সুস্মিতা দেব, অখিলেশ যাদবরা। মুখে একটাই স্লোগান, “গলি গলি মে শোর হ্যায়, নরেন্দ্র মোদী চোর হ্যায়।” এই অবস্থায় নির্বাচন কমিশনের ‘আলোচনার প্রস্তাব’ প্রহসনের মতো বলেই মনে করছেন বিরোধীরা। কমিশনের চিঠি পাঠানোর আগেই মিছিল শুরু হয়ে যায়। তৃণমূল (TMC) স্পষ্ট বলেছে, এ লড়াই শুধুই কোনও দলের নয়, এটা ভারতের গণতন্ত্র বাঁচানোর লড়াই।
তৃণমূলের স্পষ্ট বার্তা, বিজেপির ফ্যাসিবাদী রাজনীতির বিরুদ্ধে আজ একজোট হওয়ার সময়। এই পুলিশি নিপীড়ন প্রমাণ করে, সরকার ভয় পেয়েছে। কারণ তারা জানে, জনতার শক্তি তাদের মাটিতে মিশিয়ে দিতে পারে। বিজেপি ও কমিশনের আঁতাতের বিরুদ্ধে এই আন্দোলন চলবে, আরও জোরালো হবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
